পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ বলেছেন, তাদের পানির ন্যায্য হিস্যা থেকে বঞ্চিত, বাধাগ্রস্ত বা পানির প্রবাহ অন্যদিকে সরিয়ে নেওয়ার যেকোনো চেষ্টা ‘যুদ্ধ’ হিসেবে বিবেচিত হবে। তিনি ভারতকে এ বিষয়ে সতর্ক করে বলেন, পানিকে কখনো অস্ত্র হিসেবে ব্যবহার করা উচিত নয়। জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে শাহবাজ শরিফ এসব কথা বলেন।
শাহবাজ বলেন, ভারতের পক্ষ থেকে সিন্ধু পানি চুক্তি স্থগিত রাখার সিদ্ধান্তের কোনো আইনি ভিত্তি নেই। এ বিষয়ে আন্তর্জাতিক পর্যায়ের বিভিন্ন সিদ্ধান্ত পাকিস্তানের অবস্থানকে সমর্থন করেছে বলেও তিনি দাবি করেন।
ভারত-পাকিস্তানের ২০২৫ সালের সামরিক সংঘাত প্রসঙ্গে তিনি পাকিস্তানি সশস্ত্র বাহিনীর ভূমিকার প্রশংসা করেন এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় মে মাসে যুদ্ধবিরতি হওয়াকে স্বাগত জানান।
কাশ্মীর ইস্যুতে শাহবাজ শরিফ জাতিসংঘের মাধ্যমে ‘অবাধ ও নিরপেক্ষ গণভোটের’ দাবি পুনর্ব্যক্ত করেন। তিনি বলেন, কাশ্মীরিদের আত্মনিয়ন্ত্রণের অধিকার প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত পাকিস্তান তাদের কূটনৈতিক, রাজনৈতিক ও নৈতিক সমর্থন অব্যাহত রাখবে।
সূত্র: ডন
আরএ