পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের কাচ্চি ও ওয়াধ জেলায় পৃথক অভিযানে ৯ সন্ত্রাসী নিহত হয়েছে বলে জানিয়েছে দেশটির সামরিক বাহিনীর গণমাধ্যম শাখা আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।
বুধবার প্রকাশিত এক বিবৃতিতে আইএসপিআর জানায়, গত ২৬ অক্টোবর পরিচালিত অভিযানে কাচ্চিতে একটি সন্ত্রাসী আস্তানা ধ্বংস করা হয়। এ সময় সাতজন নিহত হয়। অন্যদিকে, ওয়াধ জেলায় আরেকটি অভিযানে নিহত হয় আরো দুজন। নিহতদের কাছ থেকে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে।
পাকিস্তানি কর্তৃপক্ষের দাবি, নিহতরা ভারত সমর্থিত ‘ফিতনা আল-হিন্দুস্তান’ গোষ্ঠীর সদস্য।
আইএসপিআর জানায়, এলাকায় অন্য সন্ত্রাসীদের সন্ধানে তল্লাশি অভিযান চলছে। দেশজুড়ে সন্ত্রাসবাদ নির্মূলে ‘আজম-ই-ইস্তেহকাম’ কর্মসূচির আওতায় অভিযান অব্যাহত থাকবে।
সূত্র: ডন
আরএ