পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ বলেছেন, তার দেশের শান্তি ও স্থিতিশীলতা বিঘ্নিত করার চেষ্টায় ক্রমবর্ধমানভাবে গোপন কৌশল ও ‘প্রক্সি বাহিনী’ ব্যবহার করছে ভারত। করাচিতে পাকিস্তান নেভাল একাডেমিতে পাসিং আউট প্যারেডে দেওয়া ভাষণ তিনি এ কথা বলেন। তিনি বলেন, শত্রুদের ঘৃণ্য পরিকল্পনা নস্যাৎ করতে পুরো দেশ তার ইস্পাত-কঠিন সংকল্পে অটল রয়েছে।
শাহবাজ শরিফ বলেন, ‘পাকিস্তান সংঘাত ও বহুমুখী নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলা করছে। আমাদের পূর্বাঞ্চলীয় প্রতিবেশী, গত বছরের মে মাসে অপমানজনক পাল্টা আঘাতের শিকার হওয়ার পর, আমাদের দেশে কষ্টার্জিত শান্তি ও স্থিতিশীলতা বিঘ্নিত করার চেষ্টা করছে। তারা ক্রমবর্ধমানভাবে গোপন কৌশল ও প্রক্সি বাহিনী ব্যবহার করছে।’
তিনি আরো বলেন, ‘আমাদের বীর সশস্ত্র বাহিনী পশ্চিম সীমান্ত থেকে উদ্ভূত বিদেশি মদতপুষ্ট সন্ত্রাসবাদের হুমকির মোকাবিলা করে চলেছে। পুরো পাকিস্তানি জাতি তার সাহসী সশস্ত্র বাহিনীর পাশে কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়িয়ে আছে। আমাদের শত্রুদের ঘৃণ্য পরিকল্পনাকে পরাজিত করার জন্য পুরো দেশ তার ইস্পাত-কঠিন সংকল্পে অটল রয়েছে। সেই সঙ্গে সব অমীমাংসিত বিরোধ নিষ্পত্তির জন্য শান্তি, সংলাপ ও কূটনীতির পথ অনুসরণ করে চলেছে।’
প্রধানমন্ত্রী জোর দিয়ে বলেন, কাশ্মীরি, গাজাবাসী এবং ফিলিস্তিনিদের অধিকারের পক্ষে কথা বলা অব্যাহত রাখবে পাকিস্তান।
সূত্র: ডন
আরএ