ওমরাহ পালনের উদ্দেশ্যে মক্কার পথে যাত্রার প্রস্তুতি নিচ্ছিলেন তুরস্কের অবসরপ্রাপ্ত ইমাম আবদুল্লাহ ওজকান। পরনে ছিল ইহরামের পোশাক। সঙ্গে ছিলেন প্রায় ১৮০ জন ওমরাহযাত্রী। পবিত্র সফর শুরুর আগে বিমানবন্দরে তাদের নিয়ে দোয়া করেন তিনি। এরপর কালেমা, তালবিয়া ও মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর প্রতি দরুদ পাঠের সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়ে যান ৬৮ বছর বয়সি এই ইমাম। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনাটি ঘটে তুরস্কের কোনিয়া বিমানবন্দরে। আবদুল্লাহ ওজকান কোনিয়া প্রদেশের বেইশেহির জেলার বাসিন্দা ছিলেন। অবসরপ্রাপ্ত ইমাম হওয়ার পাশাপাশি তিনি একটি হজ ও ওমরাহ পরিচালনাকারী প্রতিষ্ঠানের বেইশেহির শাখার দায়িত্বেও ছিলেন।
ওমরাহযাত্রীদের দলটি ৬ নভেম্বর রাত ২টার দিকে কোনিয়া বিমানবন্দরে পৌঁছায়। যাত্রার আনুষ্ঠানিকতা শেষ করে সবাইকে এক জায়গায় জড়ো করা হয়। এ সময় যাত্রীদের সঙ্গে পরিচয়পর্ব ও প্রয়োজনীয় নির্দেশনা দেওয়ার পর তাদের নিয়ে দোয়া করেন ওজকান।
তার সঙ্গে দীর্ঘ ১৫ বছর কাজ করা সহকর্মী ইসমাইল গুমুশ ঘটনার বর্ণনা দিয়েছেন। তিনি জানান, ওজকান প্রথমে সুন্দরভাবে দোয়া করেন। এরপর কালেমা পাঠ ও তালবিয়া পড়েন। সবশেষে মহানবী (সা.)-এর প্রতি দরুদ পাঠ শুরু করেন। প্রথম দুটি দরুদ স্বাভাবিকভাবে পড়লেও তৃতীয়বার পাঠের সময় তার কণ্ঠস্বর দুর্বল হয়ে আসে। একপর্যায়ে সামনের দিকে ঝুঁকে মাটিতে পড়ে যান তিনি।
ঘটনার পর বিমানবন্দরের চিকিৎসাকর্মীরা দ্রুত তার কাছে ছুটে যান। তাকে প্রাথমিক চিকিৎসা ও সিপিআর দেওয়া হয়। পরে জরুরি সেবাকর্মীরা অ্যাম্বুলেন্সে করে সেলচুক বিশ্ববিদ্যালয় মেডিকেল ফ্যাকাল্টি হাসপাতালে নিয়ে যান। তবে চিকিৎসকদের চেষ্টা সত্ত্বেও তাকে বাঁচানো সম্ভব হয়নি।
গুমুশ জানান, ঘটনার আগে ওজকানের মধ্যে অসুস্থতার কোনো লক্ষণ দেখা যায়নি। সবকিছু স্বাভাবিক ছিল। তার আকস্মিক মৃত্যুতে সহকর্মী ও ওমরাহযাত্রীদের মধ্যে শোকের ছায়া নেমে আসে।
বেইশেহিরের মুফতি এনেস আকতাসও তার মৃত্যুতে শোক প্রকাশ করেন। তিনি ওজকানকে দীর্ঘদিন ধরে এলাকার মানুষ ও সমাজের সেবায় নিয়োজিত একজন সম্মানিত ধর্মীয় ব্যক্তিত্ব হিসেবে স্মরণ করেন। তবে মৃত্যুর সুনির্দিষ্ট কারণ সম্পর্কে তখনো চিকিৎসাগত নিশ্চিত তথ্য পাওয়া যায়নি বলে জানান তিনি। তুর্কি সংবাদমাধ্যমে হৃদ্রোগে আক্রান্ত হওয়ার কথা বলা হলেও মৃত্যুর কারণ আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়নি।
শুক্রবার জুমার নামাজের পর বেইশেহিরের কেন্দ্রীয় চারশি মসজিদে আবদুল্লাহ ওজকানের জানাজা অনুষ্ঠিত হয়। পরে স্থানীয় কবরস্থানে তাকে দাফন করা হয়। জানাজায় পরিবারের সদস্য, আত্মীয়স্বজন, সহকর্মী, ধর্মীয় ব্যক্তিত্ব ও স্থানীয় বহু মানুষ অংশ নেন।
দীর্ঘদিন ইমাম হিসেবে দায়িত্ব পালনের পর অবসরে ওমরাহ পালনের স্বপ্ন নিয়ে যাত্রা শুরু করেছিলেন ওজকান। কিন্তু মক্কায় পৌঁছানোর আগেই শেষ হয় তার জীবন। ইহরাম পরা অবস্থায় ওমরাহযাত্রীদের নিয়ে দোয়া ও দরুদ পাঠের সময় তার মৃত্যুর ঘটনাটি তুরস্কের বিভিন্ন সংবাদমাধ্যমে আলোচনার জন্ম দিয়েছে।
সূত্র: সোৎজু, কোনিয়া হাবার ও গালফ নিউজ