শ্রীপুরে দিনমজুর হত্যা মামলায় প্রধান আসামি গ্রেপ্তার

উপজেলা প্রতিনিধি, শ্রীপুর (গাজীপুর)

শ্রীপুরে দিনমজুর হত্যা মামলায় প্রধান আসামি গ্রেপ্তার

গাজীপুরের শ্রীপুরে দিনমজুর আজিজুল ইসলাম (৩৮) হত্যা মামলায় প্রধান আসামি শামীমকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বিজ্ঞাপন

এ দিকে মঙ্গলবার দুপুরে হত্যার প্রতিবাদে এবং জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বরমী ইউনিয়নের পাইটালবাড়ি এলাকায় বরমী-কাওরাইদ আঞ্চলিক সড়ক অবরোধের পর বিক্ষোভ করেন স্থানীয় গ্রামবাসী।

নিহত আজিজুল ইসলাম উপজেলার বরমী ইউনিয়নের পাইটালবাড়ি গ্রামের হানিফার ছেলে। তিনি পেশায় দিনমজুর ছিলেন এবং মাঝে মাঝে অটোরিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করতেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, একই গ্রামের জামাল উদ্দিনের ছেলে শামীমের সঙ্গে দীর্ঘদিন ধরে আজিজুলদের পরিবারের জমি নিয়ে বিরোধ চলছিল। সোমবার সকাল ১০টার দিকে ছোট ভাই তাইজুল ইসলামের সঙ্গে শামীমের কথা কাটাকাটি হয়। পরে আজিজুল ইসলাম বিষয়টি পারিবারিকভাবে মীমাংসা করে দেন।

অভিযোগ রয়েছে, ওই ঘটনার জের ধরে দুপুরের দিকে আজিজুল ইসলাম বাড়ির পেছনের রাস্তায় দাঁড়িয়ে থাকাকালে শামীম, জামাল উদ্দিন, হৃদয়, শাহীনসহ আরো কয়েকজন তার ওপর অতর্কিত হামলা চালায়। হামলাকারীরা ধারালো দা দিয়ে তাকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে। মাথায় গুরুতর আঘাত পেয়ে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। স্বজনরা তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার রাত ৩টার দিকে তার মৃত্যু হয়।

এ ঘটনায় নিহতের ছোট ভাই তাইজুল ইসলাম পাঁচজনের নামে মামলা করেন। আসামিরা হলেন, শামীম (৩৪), ফকির (৪২), জামাল উদ্দিন (৫৬), হৃদয় (২৮), শাহীন (৩৫)। এছাড়াও মামলায় অজ্ঞাত আরো পাঁচজনকে আসামি করা হয়।

শ্রীপুর থানার ওসি মোহাম্মদ শাহীনুর আলম জানান, ঘটনার পরপরই পুলিশ অভিযান চালিয়ে প্রধান আসামি শামীমকে গ্রেপ্তার করে। তাকে কারাগারে পাঠানো হয়েছে।

জেডএম

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন