কুমিল্লার নাঙ্গলকোটে আওয়ামী লীগবিরোধী মিছিলে বিএনপির এমপি গ্রুপের হামলার শিকার হয়েছেন উপজেলা ছাত্রদলের সভাপতি প্রত্যাশী মাহফুজুর রহমানসহ অন্তত দশ জন।
ঘটনাটি ঘটেছে উপজেলার ঢালুয়া ইউনিয়নের বাইপাস সংলগ্ন ঢালুয়া বহুমুখী উচ্চ বিদ্যালয় সড়কের সামনে।
জানা যায়, বুধবার বিকেলে ঢালুয়া বাইপাস এলাকায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ একটি বিক্ষোভ মিছিল করে। এর প্রতিবাদে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মিছিল বের করলে ঢালুয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আজাদ হোসেন আওয়ামী লীগের হাতে আহত হন।
এর জেরে বৃহস্পতিবার বিকেলে উপজেলা ছাত্রদল নেতা মাহফুজুর রহমান, শহিদুল ইসলাম, ইব্রাহীম খলিল, আমির হামজা মুন্না ও স্থানীয় যুবদল নেতা গিয়াসউদ্দিনের নেতৃত্বে প্রতিবাদ মিছিলের প্রস্তুতি নেওয়া হয়। এ সময় কুমিল্লা-১০ (নাঙ্গলকোট ও লালমাই) আসনের সংসদ সদস্য মোবাশ্বের আলম ভূঁইয়া গ্রুপের যুবদল নেতা আব্দুল মমিনের নেতৃত্ব পঞ্চাশ-ষাট জনের একটি মিছিল হাতে পাইপ ও লাঠি নিয়ে আকস্মিকভাবে হামলা করে এবং বেদম পিটিয়ে আহত করে ছাত্রদলের নেতাদেরকে।
এসময় গুরুতর আহত হয় উপজেলা ছাত্রদল নেতা আমির হামজা মুন্না, মাহফুজুর রহমান, শহিদুল ইসলাম, ইব্রাহিম খলিলসহ অন্তত দশ জন। আহত আমির হামজা মুন্নাকে চিকিৎসার জন্য নাঙ্গলকোট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে আবারও তিনি এমপি মোবাশ্বের আলম ভূঁইয়া গ্রুপের সদস্যদের মারাত্মক হামলার শিকার হন। তার অবস্থা সংকটাপন্ন হলে উন্নত চিকিৎসার জন্য কুমিল্লা সরকারি মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।
আরো জানা যায়, এ সময় মসজিদের নামাজরত মুসল্লিদের ওপরও হামলার করা হয় এবং কয়েকজন আহত হন।
এই বিষয়ে যুবদল নেতা আব্দুল মমিনের মোবাইলে একাধিকবার ফোন করা হলেও তিনি ফোন ধরেননি ।
এ বিষয়ে কুমিল্লা-১০ আসনের সংসদ সদস্য মোবাশ্বের আলম ভূঁইয়া বলেন, গতকাল নিষিদ্ধ ছাত্রলীগের হামলায় বিএনপি নেতা আজাদ আহত হয়েছে । কিন্তু আজ কী হয়েছে এ বিষয়ে আমার কিছু জানা নেই ।
এমএইচ
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

-4f7d9a.jpg)