মুকসুদপুরে ৩৬০ ফুট পতাকায় ব্রাজিল ভক্তদের চমক

উপজেলা প্রতিনিধি, মুকসুদপুর (গোপালগঞ্জ)

মুকসুদপুরে ৩৬০ ফুট পতাকায় ব্রাজিল ভক্তদের চমক

গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার বহুগ্রামে ফুটবলপ্রেমীদের মাঝে বইছে উৎসবের আমেজ। কয়েকদিন আগে আর্জেন্টিনার তারকা ফুটবলার লিওনেল মেসির বিশাল ভাস্কর্য নির্মাণ করে আলোচনায় আসার পর এবার ব্রাজিল সমর্থকেরা তৈরি করেছেন ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমারের প্রতীক এবং ৩৬০ ফিট দীর্ঘ ব্রাজিলের পতাকা।

স্থানীয় সূত্রে জানা যায়, বহুগ্রামের ফুটবলপ্রেমীরা নিজ উদ্যোগে ও নিজেদের অর্থায়নে এসব নির্মাণকাজ সম্পন্ন করেছেন। বিশ্বকাপকে সামনে রেখে নিজেদের প্রিয় দলের প্রতি ভালোবাসা ও সমর্থন প্রকাশ করতেই তারা এ ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করেন।

বিজ্ঞাপন

ব্রাজিল সমর্থক সুধাংশু মজুমদার জানান, ৩৬০ ফিট দীর্ঘ পতাকাটি এলাকায় ব্যাপক সাড়া ফেলেছে। প্রতিদিন দূর-দূরান্ত থেকে মানুষ এসে পতাকা ও নেইমারের প্রতীক দেখতে ভিড় করছেন। স্থানীয় তরুণদের মধ্যে এ আয়োজন নিয়ে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যাচ্ছে।এছাড়াও তারা প্রজেক্টের এর মাধ্যমে খেলা দেখার আয়োজন করেছেন।

আয়োজকদের একজন কল্লোল বিশ্বাস জানান, “ফুটবল আমাদের আবেগের জায়গা। বিশ্বকাপকে স্মরণীয় করে রাখতে আমরা নেইমারের প্রতীক ও বিশাল পতাকা তৈরি করেছি। এলাকার মানুষ আমাদের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন।”

এদিকে আর্জেন্টিনা ও ব্রাজিল—দুই দলের সমর্থকদের এমন সৃজনশীল আয়োজন এলাকায় উৎসবমুখর পরিবেশ সৃষ্টি করেছে। ফুটবলপ্রেমীরা মনে করছেন, খেলাধুলা ও সম্প্রীতির বার্তা ছড়িয়ে দিতে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

স্থানীয় বাসিন্দারা বলেন, বিশ্বকাপের আগে এমন আয়োজন মুকসুদপুরের বহুগ্রামকে নতুনভাবে পরিচিত করেছে। ফুটবলপ্রেমীদের এই ব্যতিক্রমী উদ্যোগ সামাজিক যোগাযোগমাধ্যমেও ব্যাপক প্রশংসা কুড়াচ্ছে।

আসন্ন বিশ্বকাপকে কেন্দ্র করে এখন থেকেই বহুগ্রামে শুরু হয়েছে ফুটবল উৎসব। প্রিয় দলকে সমর্থন জানাতে আর্জেন্টিনা ও ব্রাজিল সমর্থকদের নানা আয়োজন আগামী দিনগুলোতে আরও বাড়বে বলে আশা করছেন স্থানীয়রা।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন