আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

গোপালগঞ্জের মুকসুদপুরে দুই গ্রুপের সংঘর্ষে নিহত ১

উপজেলা প্রতিনিধি, মুকসুদপুর (গোপালগঞ্জ)

গোপালগঞ্জের মুকসুদপুরে দুই গ্রুপের সংঘর্ষে নিহত ১

গোপালগঞ্জের মুকসুদপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে ১ জন নিহত ও অপর ১০ জন আহত হয়েছে। নিহতের নাম নিলু মুন্সী(৫০)। তিনি কমলাপুর গ্রামের আনোয়ার মুন্সীর ছেলে। উভয় গ্রুপই বিএনপির রাজনীতির সাথে জড়িত বলে জানাগেছে। এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে এই দুই গ্রুপের মধ্যে দ্বন্দ্ব চলে আসছিল।

পুলিশ ও স্থানীয়রা জানায়, সোমবার (২৩ ফেব্রুয়ারি) বেলা ১১ টার দিকে মুকসুদপুর উপজেলার কমলাপুর গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আনোয়ার মুন্সী গ্রুপ ও নূর ইসলাম গ্রুপের মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটে।এদিন প্রথমে আনোয়ার মুন্সীর ছেলেরা হাসপাতাল গেটে নূর ইসলামকে আক্রমণ করে। এতে নুর ইসলাম আহত হয়। এ-ঘটনার জেরে নুর ইসলামের লোকজন আনোয়ার মুন্সীর বাড়িতে গিয়ে হামলা ও ভাংচুর চালায় । পরে দুপক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়েন।

বিজ্ঞাপন

এতে উভয় পক্ষের নারী সহ অন্ততঃ ১১জন আহত হয়। প্রথমে আহতদেরকে মুকসুদপুর হাসপাতালে ভর্তি করা হয়।পরে মারাত্মক আহত নিলু মুন্সী(৫০),স্ত্রী রুপা বেগম(৪০),তার আহত ভাই মিলন মুন্সী(৫২), দুলাল মুন্সীকে (৪০) ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য নেওয়া হয়। সেখানে নিলু মুন্সীকে কর্তব্যরত: চিকিৎসক মৃত ঘোষণা করেন।

অপরপক্ষের নূর ইসলামকে (৩৩) মুকসুদপুর হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যদেরকে মুকসুদপুর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

মুকসুদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দু্ল্লাহ আল মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেছেন, এলাকার শান্তিশৃঙ্খলা বজায় রাখতে তারা সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছেন। ঘটনাস্থলে পুলিশের পাশাপাশি সেনা ও র‌্যাব সদস্যরা উপস্থিত রয়েছেন। এলাকায় এখন থমথমে ভাব বিরাজ করছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন