নেত্রকোনার দুর্গাপুর সীমান্ত থেকে আটক এক রোহিঙ্গা নারী ও তার এক বছর বয়সী কন্যাশিশুকে আইনগত প্রক্রিয়া শেষে কক্সবাজারের কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে ফেরত পাঠানো হয়েছে।
সোমবার সন্ধ্যা ৬টার দিকে দুর্গাপুর থানার উপপরিদর্শক (এসআই) ফিরোজ আহমেদের নেতৃত্বে দুই নারী কনস্টেবলসহ পুলিশি নিরাপত্তায় তাদের কক্সবাজারের কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে পাঠানো হয়।
এর আগে সোমবার ভোরে উপজেলার বিজয়পুর বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকার ভাংতি বাজারে স্থানীয়রা মাজিদা (২৫) নামে ওই নারী ও তার এক বছর বয়সী কন্যা আয়েশাকে আটক করেন। খবর পেয়ে বিজয়পুর বিজিবি ক্যাম্পের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করে ক্যাম্পে নিয়ে যান। পরে দুপুরে মা-মেয়েকে দুর্গাপুর থানায় হস্তান্তর করা হয়।
পুলিশ ও বিজিবি সূত্র জানায়, সোমবার ভোর সাড়ে ৩টার দিকে সীমান্ত পিলার ১১৫১/৩-এস থেকে প্রায় আড়াই কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে ভাংতি বাজার এলাকায় স্থানীয়রা তাদের আটক করেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টা করছিলেন।
জিজ্ঞাসাবাদে মাজিদা জানান, তিনি কক্সবাজারের কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা। তার বাবার নাম আব্দুল আলিম। তার স্বামী বেলাল মারা গেছেন বলেও তিনি জানান।
দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহমেদ বলেন, উদ্ধার হওয়া নারী ও শিশুর পরিচয় যাচাই এবং প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করার পর তাদের নিজ ক্যাম্পে ফেরত পাঠানো হয়েছে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

