ট্রাইব্যুনালে আইনজীবীর জেরায় সাক্ষী

গোয়েন্দা সংস্থা বলেছে, জিয়াউল আমার ভাতিজার হত্যাকারী

স্টাফ রিপোর্টার

গোয়েন্দা সংস্থা বলেছে, জিয়াউল আমার ভাতিজার হত্যাকারী
ফাইল ছবি: জিয়াউল আহসান

আমার ভাতিজা নজরুল ইসলাম মল্লিককে দাফনের পর গোয়েন্দা সংস্থার লোকের আমাদের বাড়িতে আসেন। তখন তারা জানিয়েছেন, র‌্যাবের গোয়েন্দা প্রধান জিয়াউল আহসান তাকে হত্যা করেছে।

বৃহস্পতিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর সদস্য বিচারপতি শফিউল আলম মাহমুদের নেতৃত্বাধীন দুই সদস্যের বিচারিক প্যানেলে আসামিপক্ষের আইনজীবী আমিনুল গণি টিটোর জেরায় এ কথা বলেছেন নিহত নজরুল ইসলামের চাচা হাবিবুর রহমান মল্লিক।

বিজ্ঞাপন

আওয়ামী লীগের দেড় দশকের শাসনামলে শতাধিক মানুষকে গুম-খুনের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় চতুর্থ সাক্ষী হিসেবে জবানবন্দি দেন হাবিবুর রহমান। বৃহস্পতিবার ২২ এপ্রিল তার জবানবন্দি শেষে তাকে জেরা করা হয়। আজ দ্বিতীয় দিনের মতো জেরা করেন টিটো।

জেরায় আইনজীবীর এক প্রশ্নে হাবিবুর রহমান বলেন, গোয়েন্দার মাধ্যমে জানতে পারলাম আমার ভাতিজাকে জিয়াউল হত্যা করেছে। সাক্ষীর এ কথা সত্য নয় বলে দাবি করেন আইনজীবী টিটো। সাক্ষীর উদ্দেশে তিনি বলেন, আপনি এ কথা জবানবন্দিতে বলেননি। এ মামলার তদন্ত কর্মকর্তার শেখানো মতে জিয়াউলের নাম বলেছেন। জবাবে হাবিবুর রহমান বলেন, নজরুলের হত্যার পর আমাদের বাড়িতে গোয়েন্দার লোকেরা প্রায়ই আসতেন। একদিন তারা জানিয়েছেন, নজরুলকে হত্যা করেছে র‍্যাবের গোয়েন্দা প্রধান জিয়াউল আহসান।

এরপর ট্রাইব্যুনাল মামলায় পরবর্তী সাক্ষ্যগ্রহণের জন্য আগামী ৬ মে দিন ধার্য করে। তবে তারিখ নির্ধারণে আপত্তি জানান জিয়াউলের বোন ও তার আইনজীবী নাজনীন নাহার। এসময় তিনি বরাবরের মতো মেজাজ হারিয়ে ফেলেন।

তিনি ট্রাইব্যুনালকে উদ্দেশ করে বলেন, অন্যান্য মামলায় একদিন সাক্ষ্যগ্রহণ করার পরে পনেরো দিন বা একমাস সময় দেওয়া হয়। আমার মামলার ক্ষেত্রে কেনো সময় দেওয়া হয় না। আমরা সবই বুঝি। এসব ঠিক না। তারিখ পাল্টায়া দেন। অন্য তারিখ দেন।

এর প্রত্যুত্তরে প্রসিকিউশনের পক্ষে প্রসিকিউটর উদয় তাসমির বলেন, মাই লড সাক্ষী আনতে দেরি হলে উনি বলেন কেনো সাক্ষী আনা হচ্ছে না। আবার নিয়মিত আনতে গেলে বলেন কেনো এতো সাক্ষী আনা হচ্ছে। আমরা কোন দিকে যাবো। এরপর ট্রাইব্যুনাল আর কোনো কথা না শুনে সিদ্ধান্ত অপরিবর্তিত রেখে এজলাস ত্যাগ করে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন