ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় জবাব দাখিলে ৪৮ ঘণ্টা সময় পেলো আদ-দ্বীন

স্টাফ রিপোর্টার

ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় জবাব দাখিলে ৪৮ ঘণ্টা সময় পেলো আদ-দ্বীন
ছবি: সংগৃহীত

ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া কারণ দর্শানোর (শোকজ) নোটিশের জবাব দিতে আগামী ৯ জুন পর্যন্ত অর্থাৎ আরো ৪৮ ঘণ্টা সময় পেয়েছে আদ-দ্বীন হাসপাতাল।রোববার স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (হাসপাতাল ও ক্লিনিকসমূহ) ডা. আবু হোসেন মো. মঈনুল আহসান স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়েছে।

চিঠিতে বলা হয়, আদ্-দ্বীন হাসপাতাল কর্তৃপক্ষের আবেদনের ভিত্তিতে আরো ৪৮ ঘণ্টা সময় দেওয়া হয়েছে। আগামী ৯ জুন বিকেল ৫টার মধ্যে তাদের শোকজের জবাব দিতে হবে। তবে কারণ দর্শানোর নোটিশের জবাব প্রদানের এ পর্যায়ে, ব্যক্তিগত শুনানি গ্রহণের কোনো আইনগত সুযোগ নেই।

বিজ্ঞাপন

মগবাজারের আদ-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালের পোস্ট-অপারেটিভ ওয়ার্ডে গত ২৭ মে ভোরে কয়েকঘণ্টার ব্যবধানে পর্যবেক্ষণে থাকা ৬ নবজাতকের মৃত্যু হয়।এ ঘটনায় ইতোমধ্যে হাসপাতাল কর্তৃপক্ষের অবহেলার প্রমাণ পেয়েছে স্বাস্থ্য অধিদপ্তর গঠিত তদন্ত কমিটি।

গত শনিবার স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন এক অনুষ্ঠানে বলেন, ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় গঠিত তদন্ত কমিটির প্রতিবেদনে হাসপাতাল কর্তৃপক্ষের অবহেলার প্রমাণ পাওয়া গেছে।

পরিবারকল্যাণমন্ত্রী আরো জানান, প্রতিবেদন পাওয়ার পর হাসপাতালটির লাইসেন্স কেন বাতিল করা হবে না, সে বিষয়ে ৭২ ঘণ্টার সময় বেঁধে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে সন্তোষজনক জবাব না পেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন