বর্ষাকালে নানা রকম সবজি পাওয়া যায়। আর বৃষ্টির দিনে ভোজনরসিকদের খাবারের আয়োজন বেশ জমে ওঠে। এবারের খাবারের আয়োজন সাজানো হয়েছে ভিন্ন স্বাদের কিছু পদ দিয়ে। ছবি ও রেসিপি দিয়েছেন সুইটি আক্তার

কাঁঠালের বিচির কাবাব
উপকরণ: কাঁঠালের বিচি ২ কাপ, পেঁয়াজ কুচি ১ কাপ, রসুন বাটা ১ চা-চামচ, কাঁচামরিচ কুচি ১ টেবিল-চামচ, মরিচ গুঁড়া ১ চা-চামচ, জিরার গুঁড়া ১ চা-চামচ, গরম মসলার গুঁড়া ১ চা-চামচ, লবণ স্বাদমতো, ধনেপাতা কুচি ৩ টেবিল-চামচ, বেসন ২ টেবিল-চামচ, ডিম ১টি এবং ভাজার জন্য পরিমাণমতো তেল।
প্রস্তুত প্রণালি: কাঁঠালের বিচির উপরের সাদা খোসা ফেলে সেদ্ধ করে নিন। সেদ্ধ হলে লাল খোসা ছাড়িয়ে পাটায় মিহি করে বেটে নিন। বাড়তি পানি দেবেন না। এবার কাঁঠালের বিচি বাটার সঙ্গে বেসন, ডিম, পেঁয়াজ কুচি, রসুন বাটা, গরম মসলার গুঁড়া, জিরার গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ, ধনেপাতা কুচি ও কাঁচামরিচ কুচি দিয়ে ভালোভাবে হাত দিয়ে মেখে নিন। প্রয়োজনে আরো খানিকটা বেসন দিতে পারেন। খেয়াল রাখবেন, মিশ্রণটি যেন খুব বেশি শক্ত বা নরম না হয়। এরপর হাতে সামান্য তেল মেখে কাবাবের আকৃতি দিন।
ভাজার জন্য প্যানে তেল গরম করুন। তেল হালকা গরম হয়ে এলে কাবাবগুলো দিয়ে দিন। মাঝারি আঁচে দুই পাশ লালচে করে ভেজে নিন। ভাজা হয়ে গেলে প্যান থেকে তুলে তেল ঝরিয়ে সসের সঙ্গে পরিবেশন করুন মজাদার কাঁঠালের বিচির কাবাব।

কচুর লতি দিয়ে চিংড়ি মাছ
উপকরণ: লতি ১ আঁটি, মাঝারি চিংড়ি মাছ ১ কাপ, পেঁয়াজ কুচি আধা কাপ, কাঁচামরিচ ফালি ৫-৬টি, হলুদ গুঁড়া ১ চা-চামচ, মরিচের গুঁড়া ১ চা-চামচ, ধনেগুঁড়া ১ চা-চামচ, জিরার গুঁড়া সামান্য, লবণ স্বাদমতো, তেল পরিমাণমতো এবং পানি আধা কাপ।
প্রস্তুত প্রণালি: প্রথমে চিংড়ি মাছ বেছে ধুয়ে নিন। এবার লতি কেটে ধুয়ে নিন। একটি কড়াইয়ে একে একে সব উপকরণ হাতে মাখিয়ে পানি দিয়ে চুলায় বসিয়ে দিন। তারপর মাঝে মাঝে নেড়েচেড়ে দিন। সেদ্ধ হয়ে ঝোল মাখা-মাখা হলে নামিয়ে নিন। সবশেষে ভাতের সঙ্গে পরিবেশন করুন মজাদার লতি চিংড়ি।

শাপলা ইলিশ
উপকরণ: শাপলা ৭ থেকে ১০ পিস, ইলিশ মাছ ৫ টুকরো, পেঁয়াজ কুচি ২ টেবিল চামচ, কাঁচামরিচ ফালি কাটা ৬টি, হলুদ গুঁড়া ১ চা চামচ, মরিচ গুঁড়া ১ চা চামচ, আদা-রসুন বাটা আধা টেবিল চামচ, তেল পরিমাণমতো ও লবণ স্বাদমতো।
প্রস্তুত প্রণালি: প্রথমে শাপলা বেছে ধুয়ে নিতে হবে। এবার ইলিশ মাছ হালকা ভেজে নিতে হবে। কড়াইয়ে তেল দিয়ে একটু গরম করে নিতে হবে। এরপর পেঁয়াজ কুচি দিয়ে বাদামি হলে এক টেবিল চামচ পানি দিয়ে বাকি মসলাগুলো কসিয়ে নিতে হবে। পরে শাপলাগুলো দিয়ে নেড়ে এক কাপ পানি দিয়ে দিতে হবে। শাপলা সেদ্ধ হয়ে এলে তাতে ইলিশ মাছ দিয়ে দিতে হবে। এবার মাঝারি আঁচে মিনিট কয়েক রান্না করে নামিয়ে ফেলুন। গরম ভাতের সঙ্গে শাপলা ইলিশ পরিবেশন করুন।

ইলিশ মাছ দিয়ে কচুশাক
উপকরণ: কচুশাক ৫০০ গ্রাম (১ আঁটি ছোট টুকরা করে কাটা), ইলিশ মাছের মাথা ২টি, পেঁয়াজকুচি ১ কাপ, রসুনকুচি ২ টেবিল চামচ (বাটা হলেও চলবে), কাঁচামরিচ ৬-৭টি (ফালি করা), শুকনা মরিচ ২টি, হলুদগুঁড়া ১ চা চামচ, জিরাগুঁড়া আধা চা চামচ, লেবুর রস ২ চা চামচ, লবণ স্বাদমতো ও সরষের তেল পরিমাণমতো।
প্রস্তুত প্রণালি: কচুশাক সামান্য পানি, হলুদ ও লবণ দিয়ে ভালো করে সেদ্ধ করুন। সেদ্ধ হয়ে গেলে পানি ঝরিয়ে হাত দিয়ে বা ডালঘুঁটনি দিয়ে একটু গলিয়ে নিন।
ইলিশ মাছের মাথাগুলো ভালোভাবে ধুয়ে লবণ ও হলুদ মাখিয়ে নিন। কড়াইতে সরষের তেল গরম করে মাছের মাথাগুলো লালচে করে ভেজে তুলে রাখুন। একই তেলে পেঁয়াজকুচি, রসুনকুচি ও কাঁচামরিচ দিয়ে সোনালি হওয়া পর্যন্ত ভাজুন। মসলা ভাজা হলে সেদ্ধ করা কচুশাক কড়াইতে দিয়ে দিন।
এরপর হলুদগুঁড়া ও লবণ দিয়ে শাক ভালো করে কষাতে থাকুন। ভাজা মাছের মাথাগুলো শাকের মধ্যে দিয়ে ভেঙে দিন । চুলার আঁচ কমিয়ে রান্না করুন। এবার তাতে কাঁচামরিচ ও লেবুর রস দিয়ে দিন। মাছের মাথা ভেঙে ভালোভাবে মিশিয়ে দিন। শাকের উপরে তেল ভেসে উঠলে বুঝবেন রান্না হয়ে গেছে।
সবশেষে নামিয়ে গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন মজাদার ইলিশ মাছ দিয়ে কচুশাক।

কাঁঠালবিচি ও মুরগির মাংস
উপকরণ: কাঁঠালের বিচি ৫০০ গ্রাম, মুরগির মাংস (মাঝারি টুকরো করা) ৫০০ গ্রাম, মরিচের গুঁড়া ১ চা-চামচ, হলুদ গুঁড়া আধা চা-চামচ, ধনের গুঁড়া আধা চা-চামচ, আদা-রসুন বাটা ২ চা-চামচ, জিরা বাটা ১ চা-চামচ, পেঁয়াজ কুচি ২ টেবিল-চামচ, এলাচ ২-৩টি, দারুচিনি ২-৩ টুকরা, তেজপাতা ২টি, কাঁচামরিচ ৩-৪টি, লবণ স্বাদমতো এবং তেল প্রয়োজনমতো।
প্রস্তুত প্রণালি: প্রথমে কড়াইয়ে তেল গরম করে তাতে পেঁয়াজ কুচি দিন। পেঁয়াজ হালকা বাদামি হলে একে একে মসলাগুলো দিয়ে ভালোভাবে কষিয়ে নিন। মসলা কষানো হলে কাঁঠালের বিচি দিয়ে ভালোভাবে কষান। এরপর মুরগির মাংস দিয়ে আবার ভালোভাবে কষিয়ে নিন। কাঁঠালের বিচি ও মাংস ভালোভাবে কষানো হলে সেদ্ধ হওয়ার জন্য পরিমাণমতো পানি দিন। সবকিছু সেদ্ধ হয়ে এলে ঝোল-ঝোল অবস্থায় নামিয়ে সুন্দরভাবে পরিবেশন করুন।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

