আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

শেষ গন্তব্য, তুরিনে

মশিউর রহমান

শেষ গন্তব্য, তুরিনে

একশ বছর আগের কথা। ১৮৮৯ সাল। তুরিনে আজকের মতোই এক দিনে ফ্রিডরিখ নিৎশে কার্লো আলবার্তো পথের ৬ নম্বর বাড়ির ফটক দিয়ে বেরিয়ে আসেন। কখনো হাঁটতে বের হতেন, আবার কখনো পোস্ট অফিসে চিঠিপত্র তুলতে যেতেন। খুব বেশি দূরে নয়, অথবা অনেকখানি দূরে, একজন হ্যাকনি ক্যাব চালক তার একগুঁয়ে ঘোড়ার সঙ্গে লড়াই করছিল। অনেক ধমকানোর পরও যখন ঘোড়াটি নড়ল না, তখন চালক ‘জিউসেপ্পে? কার্লো? এটোরে?’—এসব বলে উত্তেজিত হয়ে ওঠে। ধৈর্য হারিয়ে ফেলে। চাবুক দিয়ে প্রাণীটিকে পেটাতে থাকে।

নিৎশে একসময় জড়ো হওয়া ভিড়ের কাছে পৌঁছালেন। ক্যাব চালকের নিষ্ঠুর আচরণ দেখে রাগে-ক্ষোভে তার মুখ দিয়ে লালা বের হচ্ছিল। নিৎশের এমন চেহারা দেখে একসময় ক্যাব চালকের সেই নিষ্ঠুর আচরণ থেমে যায়। বিশালদেহী ঘন গোঁফওয়ালা ভদ্রলোকটি দর্শকদের অপ্রদর্শিত আনন্দের মাঝেই হঠাৎ সামনে ঝাঁপিয়ে পড়ে কান্নাজড়িত কণ্ঠে ঘোড়ার গলা জড়িয়ে ধরেন। একসময় নিৎশের বাড়িওয়ালা তাকে বাড়িতে নিয়ে যান। দুদিন ধরে তিনি সোফায় নিশ্চল ও নির্বাক শুয়ে রইলেন। তারপর তিনি তার ভেতর থেকে বের হয়ে আসা শেষ কথাগুলো উচ্চারণ করলেন—‘মা, আমি কত বোকা!’ এরপর আরো দশ বছর মা ও বোনের নিরবচ্ছিন্ন সেবাযত্নে নিৎশে একজন নিরীহ পাগলের মতো বেঁচে ছিলেন। তবে ঘোড়াটির ভাগ্যে কী ঘটেছিল, তা আমরা জানি না।

বিজ্ঞাপন

এই গল্পটির সত্যতা সন্দেহজনক হলেও ইতিহাসে এটি এক গভীর প্রতীকী কাহিনি হিসেবে স্থান পেয়েছে। জীবনদর্শনের দানবীয় নক্ষত্র, তথাকথিত ‘সর্বজনীন মানবসত্যের’ বিরোধী, করুণা, ক্ষমা ও দয়ার তীব্র নাকচকারী সেই দার্শনিক চাবুকের আঘাতপ্রাপ্ত এক ঘোড়ার গলা জড়িয়ে ধরছেন? যদি তাই হয়, তাহলে ক্যাবচালক তা করলেন না কেন?

ড. মোবিয়াসের মতে, এটি ছিল সিফিলিসের কারণে পক্ষাঘাতগ্রস্ত হওয়ার শুরু। কিন্তু আজ আমরা, পরবর্তী প্রজন্ম, এটিকে মর্মান্তিক উপলব্ধির ঝলক হিসেবে দেখি—দীর্ঘ ও যন্ত্রণাদায়ক সংগ্রামের পরে, নিৎশে তার নিজস্ব দর্শনের চিন্তার একটি শৃঙ্খলের সঙ্গে একেবারেই মিল খুঁজে পাননি, যার পরিণতি বিশেষভাবে নারকীয় ছিল। নিজ দর্শনেরই এক ভয়ংকর শৃঙ্খল নিৎশের সত্তা নিজেই প্রত্যাখ্যান করেছিল।

টমাস মানের মতে ভুলটি ছিল যে, ‘এই কোমল, উন্মুক্ত, প্রফেটিক ও আবেগময় জীবনের কথা বললেও তিনি জীবন ও নীতিশাস্ত্রকে প্রতিদ্বন্দ্বী ভাবতেন। বাস্তব হলো, তারা অবিচ্ছেদ্য। নীতিই জীবনের ভরকেন্দ্র, আর নৈতিক মানুষই জীবনের প্রকৃত নাগরিক।’ এই উক্তি যতই মহৎ হোক, আমাদের গন্তব্য নিৎশের তুরিন—

মান দাবি করেন যে, এই মহৎ ঘোষণার পরমতা এত সুন্দর যে কিছুটা সময় নিয়ে চলে যেতে প্রলুব্ধ হয়, তবুও আমরা প্রতিরোধ করি। আমাদের জাহাজটি তুরিনে নিৎশে দ্বারা পরিচালিত হয় এবং এর জন্য শুধু আলাদা জলস্রোতের প্রয়োজন হয় না, বরং ভিন্ন স্নায়ুতন্ত্রের প্রয়োজন হয়, প্রয়োজন হয় ইস্পাতের তারে গাঁথা ধৈর্য। কারণ গন্তব্য একই হলেও অনুভূতি মানের প্রতিশ্রুতির থেকে একেবারেই ভিন্ন।

তুরিনে নিৎশের নাটক ইঙ্গিত দেয়, নৈতিক আইনের সঙ্গে সংগতি রেখে জীবনযাপন করা কোনো সম্মানের বিষয় নয়, কারণ আমি এর বিপরীতটি বেছে নিতে পারি না। আমি হয়তো এর বিরুদ্ধে আমার জীবনযাপন করতে পারি, কিন্তু এর অর্থ এই নয় যে, আমি এর রহস্যময় এবং সত্যিকার অর্থে অদৃশ্য শক্তি থেকে মুক্ত, যা আমাকে একই সঙ্গে অবিচ্ছেদ্য বন্ধনে আবদ্ধ করে। আমি যদি তাই করি, এর বিরুদ্ধে দাঁড়িয়ে বেঁচে থাকি, তাহলে আমি অবশ্যই মানবজাতির দ্বারা বিকশিত সামাজিক অস্তিত্বের মধ্যে আমার পথ খুঁজে পেতে পারি। আর এভাবে সমাজের করুণ কাঠামোর মধ্যে বাস করা সম্ভব।

নিৎশে বলেছিলেন, ‘বেঁচে থাকা এবং অন্যায্য হওয়া একই জিনিস,’ কিন্তু আমি পারি না সেই চিরস্থায়ী দোটানা থেকে বের হতে, যা বারবার আমাকে অস্তিত্বের অর্থ খোঁজার কেন্দ্রে স্থাপন করে। আমি যেমন এই মানবজগতের অংশ, তেমনি আমিও তারই অংশ। কোনো এক অজানা কারণে আমি এক বৃহত্তর সত্তাকে ডাকি, এক বৃহত্তর সত্তা যা আমার ভেতরে অনিবার্য ও স্পষ্ট আদেশ রোপণ করেছে।

কান্টের ভাষায় ‘বিধি ভাঙার স্বাধীনতাসহ স্বাধীনতা’—এই বাধ্যবাধকতার প্রতি ইঙ্গিত করে—স্বাধীনতার বিষণ্ণ ক্ষমতায়নের সঙ্গে আইন ভঙ্গ করার স্বাধীনতাও রয়েছে।

আমরা এখন যেন অন্ধকার বন্দরের ভেতরে ঝাঁপিয়ে পড়ছি, কিছুটা অন্ধভাবে চলাচল করছি, কারণ বাতিঘরের রক্ষকরা ঘুমিয়ে আছে, আমাদের দিকনির্দেশ করছে না। আমরা অন্ধকারে নোঙর ফেলছি, আর তাৎক্ষণিকভাবে আমাদের প্রশ্ন তলিয়ে যাচ্ছে—এই মহত্তর সত্তা আদৌ নৈতিক আইনের উচ্চতর অর্থ প্রতিফলিত করে কি না। কিছুই বুঝতে পারি না, আমরা অপেক্ষা করি। দেখি, হাজার দিক থেকে মানুষ ধীরে ধীরে আমাদের দিকে এগিয়ে আসছে। আমরা কোনো বার্তা পাঠাই না, শুধু দেখি আর এক নীরব সহানুভূতি বজায় রাখি। আমরা বিশ্বাস করি, আমাদের ভেতরের এই করুণা যথাযথভাবে উপযুক্ত এবং যারা কাছে আসছে তাদের ক্ষেত্রেও এটি যথাযথ—আজ না হোক, আগামীকাল বা দশ বা তিরিশ বছর পর সেটি হবে।

শেষ গন্তব্য, তুরিনে।

২০২৫ সালে সাহিত্যে নোবেল বিজয়ী লাজলো ক্রাসনোহোরকাইর ২১টি গল্প নিয়ে ২০১৭ সালে যুক্তরাষ্ট্র থেকে প্রকাশিত হয় ‘The World Goes On’ নামের গল্প সংকলন। সংকলনে হাঙ্গেরি থেকে ইংরেজিতে অনুবাদ করেন John Batki, সহ-অনুবাদক ছিলেন Ottilie Mulzet ও George Szirtes । সংকলন থেকে ‘At the Latest, in Turin’ গল্পটি অনুবাদ করা হলো।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন