জাতীয়করণসহ ১০ দফা দাবিতে কারিগরি শিক্ষক-কর্মচারীদের আলটিমেটাম

জাতীয়করণসহ ১০ দফা দাবিতে কারিগরি শিক্ষক-কর্মচারীদের আলটিমেটাম

শিক্ষাব্যবস্থা জাতীয়করণ, শিক্ষকদের আন্তঃবদলির সুনির্দিষ্ট নীতিমালা প্রণয়ন এবং পৃথক কারিগরি শিক্ষা মন্ত্রণালয় প্রতিষ্ঠাসহ ১০ দফা দাবি জানিয়েছে বাংলাদেশ কারিগরি শিক্ষক-কর্মচারী পরিষদ। দ্রুত এসব দাবি বাস্তবায়ন না হলে কঠোর আন্দোলনের ঘোষণা দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছে সংগঠনটি।

বিজ্ঞাপন

শনিবার জাতীয় প্রেসক্লাবের মাওলানা আকরাম খাঁ হলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংগঠনের নেতারা এই দাবিগুলো তুলে ধরেন। লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের সাধারণ সম্পাদক প্রকৌশলী আবুল বাশার। তিনি বলেন, দেশের অর্থনৈতিক উন্নয়ন ও শিল্পায়নের অন্যতম ভিত্তি কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা। কিন্তু দীর্ঘদিন ধরে অবহেলা, বৈষম্য, প্রশাসনিক জটিলতা ও সুশাসনের অভাবে এই খাত সংকটের মধ্যে রয়েছে। এই পরিস্থিতি থেকে উত্তরণে দাবিগুলো বাস্তবায়নের কোনো বিকল্প নেই বলে তিনি মন্তব্য করেন।

সংগঠনের দাবিগুলোর মধ্যে রয়েছে সব শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণ করে তাদের আয় রাষ্ট্রীয় কোষাগারে জমা নেওয়া এবং সরকারি চাকরির আদলে শিক্ষকদের আন্তঃবদলির ব্যবস্থা চালু করা। এছাড়া দেশের সব মাধ্যমিক বিদ্যালয় ও কলেজে অন্তত দুটি করে কারিগরি ট্রেড কোর্স চালু এবং প্রতি ট্রেডে দুইজন করে ট্রেড ইন্সট্রাক্টরের পদ পুনর্বহালের দাবিও জানানো হয়। প্রতি মাসের ১ তারিখের মধ্যে বেতন নিশ্চিত করা এবং কারিগরি শিক্ষা বোর্ড ও অধিদপ্তরের দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবিও উঠে আসে।

সংগঠনটি বিএড, উচ্চতর স্কেল ও এমপিও আবেদন প্রক্রিয়া পুরোপুরি অনলাইনে সম্পন্ন করার দাবি জানায়, পাশাপাশি শিক্ষক-কর্মচারী সুরক্ষা আইন প্রণয়নের আহ্বান জানানো হয়। এছাড়া সব এমপিওভুক্ত কারিগরি প্রতিষ্ঠানে আধুনিক ল্যাব স্থাপন এবং দেশি-বিদেশি প্রশিক্ষণের ব্যবস্থা করার দাবিও তুলে ধরা হয়।

দাবিপত্রে মাধ্যমিক পর্যায়ে সহকারী প্রধান শিক্ষক (কারিগরি) পদ সৃষ্টি এবং পৃথক কারিগরি শিক্ষা মন্ত্রণালয় প্রতিষ্ঠার দাবিও উল্লেখযোগ্যভাবে স্থান পায়। এর পাশাপাশি কারিগরি কলেজের সহকারী গ্রন্থাগারিকদের দশম গ্রেড প্রদান এবং নন-এমপিও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানগুলো দ্রুত এমপিওভুক্ত করার দাবিও জানানো হয়।

সংবাদ সম্মেলনে নেতারা বলেন, কারিগরি শিক্ষাকে দক্ষ মানবসম্পদ তৈরির মূল ভিত্তি হিসেবে বিবেচনা করা হলেও বাস্তবে এই খাতের শিক্ষক-কর্মচারীরা দীর্ঘদিন ধরে বৈষম্যের শিকার হচ্ছেন। প্রশাসনিক জটিলতা, বেতন-ভাতা প্রদানে বিলম্ব, পদোন্নতির সুযোগের অভাব এবং অবকাঠামোগত সংকটের কারণে কারিগরি শিক্ষার মানও ক্রমাগত ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে তারা মন্তব্য করেন।

সংগঠনের নেতারা সরকারের প্রতি অবিলম্বে দাবিগুলো পর্যালোচনা করে বাস্তবায়নের উদ্যোগ নেওয়ার আহ্বান জানান। একই সঙ্গে তারা সতর্ক করে বলেন, যৌক্তিক সময়ের মধ্যে দাবি আদায় না হলে দেশব্যাপী কারিগরি শিক্ষক-কর্মচারীরা কঠোর আন্দোলন গড়ে তুলতে বাধ্য হবেন, যার দায়ভার সম্পূর্ণভাবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকেই বহন করতে হবে।

সংবাদ সম্মেলনে এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্য সচিব অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজীজী, বাংলাদেশ কারিগরি শিক্ষক-কর্মচারী পরিষদের সভাপতি প্রকৌশলী মো. মতিউর রহমান, উপদেষ্টা মাহবুবুর রহমান, সাংগঠনিক সম্পাদক মো. রাশেদ মোশারফ, এমপিওভুক্ত শিক্ষক পরিষদের সদস্য সচিব আশরাফুজ্জামান হানিফ, বাংলাদেশ ভোকেশনাল শিক্ষক সমিতির যুগ্ম মহাসচিব নুরুল ইসলাম সিয়ামসহ বিভিন্ন শিক্ষক সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন