ঢাকায় দিনে কয়বার বৃষ্টি, জানাল আবহাওয়া অফিস

ঢাকায় দিনে কয়বার বৃষ্টি, জানাল আবহাওয়া অফিস

আগামী কয়েক দিন দেশের বিভিন্ন স্থানে বিচ্ছিন্নভাবে বৃষ্টি হতে পারে। বিশেষ করে, ১৬ থেকে ২০ সেপ্টেম্বর পর্যন্ত দেশের বেশির ভাগ এলাকায় বৃষ্টির প্রবণতা অব্যাহত থাকতে পারে। এ সময় রাজধানী ঢাকায় দিনে দুই থেকে তিনবার বৃষ্টি হলেও টানা ভারী বর্ষণের সম্ভাবনা নেই বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

বিজ্ঞাপন

আবহাওয়াবিদ ড. আবুল কালাম মল্লিক বলেন, আগামী কয়েক দিন বিচ্ছিন্নভাবে বৃষ্টি হতে পারে। বৃষ্টির কারণে তাপমাত্রায় বড় ধরনের পরিবর্তনের সম্ভাবনা নেই। বাতাসে আর্দ্রতা বেশি থাকায় দেশজুড়ে ভ্যাপসা গরম অনুভূত হতে পারে।

শনিবার রাজধানীর আকাশ মেঘাচ্ছন্ন থাকলেও ঢাকায় সন্ধ্যা ছয়টা পর্যন্ত সামান্য বৃষ্টি হয়েছে। তবে সারা দেশের মধ্যে সর্বোচ্চ ১৫৫ মিলিমিটার বৃষ্টি হয়েছে সিলেটে। অন্যদিকে, এদিন সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে নীলফামারীর সৈয়দপুরে ৩৫ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস এবং রাজধানী ঢাকায় ৩৩ ডিগ্রি সেলসিয়াস।

শনিবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, সিনপটিক অবস্থায় উড়িষ্যা-অন্ধ্রপ্রদেশ উপকূলে অবস্থানরত লঘুচাপটি বর্তমানে দক্ষিণ ছত্তিশগড় ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমি বায়ুর অক্ষের বর্ধিতাংশ রাজস্থান, উত্তর প্রদেশ, লঘুচাপের কেন্দ্রস্থল, বিহার, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের দক্ষিণাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত। মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে।

এতে রোববার রংপুর, ময়মনসিংহ, খুলনা ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

আগামী সোমবার বৃষ্টিপাত: রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে। এদিন সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। তবে বর্ধিত পাঁচ দিনের আবহাওয়ার অবস্থায় উল্লেখযোগ্য পরিবর্তনের সম্ভাবনা নেই।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন