ইলহান ওমর-মামদানি-আবদুল এল-সাইয়েদকে হত্যার হুমকি, গ্রেপ্তার মার্কিন নাগরিক

ইলহান ওমর-মামদানি-আবদুল এল-সাইয়েদকে হত্যার হুমকি, গ্রেপ্তার মার্কিন নাগরিক
ছবি: সংগৃহীত।

যুক্তরাষ্ট্রের মুসলিম জনপ্রতিনিধিদের হত্যার হুমকি দেওয়ার অভিযোগে নর্থ ডাকোটার এক ব্যক্তির বিরুদ্ধে ফেডারেল আদালতে মামলা হয়েছে। হুমকির শিকার ব্যক্তিদের মধ্যে রয়েছেন কংগ্রেস সদস্য ইলহান ওমর, নিউইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানি এবং নবনির্বাচিত সিনেটর আবদুল আল-সাইয়েদ।

বিজ্ঞাপন

মার্কিন সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, অভিযুক্ত ব্যক্তির নাম প্যাট্রিক হারলান ডাইরুড। তার বয়স ৫২ বছর। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এসব মুসলিম জনপ্রতিনিধি ও অন্য মুসলিম কর্মকর্তাদের লক্ষ্য করে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে।

যুক্তরাষ্ট্রের একটি ফেডারেল আদালতে দাখিল করা অভিযোগপত্র অনুযায়ী, গত নভেম্বরের মাঝামাঝি একটি অলাভজনক গবেষণা সংস্থা কয়েকজন কর্মকর্তাকে হত্যার আহ্বান জানানো একটি অ্যাকাউন্টের সন্ধান পায়। পরে বিষয়টি এফবিআইয়ের জাতীয় হুমকি মোকাবিলা কেন্দ্রে জানানো হয়।

এফবিআইয়ের হলফনামায় বলা হয়েছে, ওই অ্যাকাউন্ট থেকে কয়েকটি পোস্টে কর্মকর্তাদের ‘নিশ্চিহ্ন’ করার হুমকি দেওয়া হয়। পাশাপাশি মুসলিমবিদ্বেষী গালিগালাজ এবং যুক্তরাষ্ট্রে অবস্থান করলে তাদের বিপদের মুখে পড়তে হবে বলেও হুঁশিয়ারি দেওয়া হয়।

অন্য একটি পোস্টে নিউইয়র্ক পুলিশ বিভাগের দুই কর্মকর্তার প্রসঙ্গ টেনে এক কর্মকর্তাকে নিরাপত্তা হেফাজত থেকে সরিয়ে হত্যার সুযোগ তৈরির আহ্বান জানানো হয় বলে তদন্তকারীরা জানিয়েছেন।

এক্স থেকে সংগ্রহ করা তথ্য, ফোনের রেকর্ড এবং ইন্টারনেট সেবাদাতার নথি বিশ্লেষণ করে তদন্তকারীরা অ্যাকাউন্টটির সঙ্গে ডাইরুডের সংশ্লিষ্টতা খুঁজে পান। তিনি নর্থ ডাকোটার হিলসবোরো এলাকার বাসিন্দা এবং ফার্গো অঞ্চলের একটি প্রতিষ্ঠানে কাজ করেন।

মার্কিন সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ২০২৩ সালের জুলাইয়ে ফার্গোতে যুক্তরাষ্ট্রের ভেটেরান্স অ্যাফেয়ার্স পুলিশের চাকরি থেকে তাকে বরখাস্ত করা হয়েছিল। নারী, বর্ণগত সংখ্যালঘু ও মুসলিমদের সঙ্গে আচরণ নিয়ে নথিভুক্ত সমস্যার কারণে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

তদন্তকে স্বাগত মুসলিম অধিকার সংগঠনের

মুসলিম নাগরিক অধিকার সংগঠন কাউন্সিল অন আমেরিকান-ইসলামিক রিলেশনসের (কেয়ার) জাতীয় নির্বাহী পরিচালক নিহাদ আওয়াদ বুধবার এক বিবৃতিতে হুমকির ঘটনায় দ্রুত তদন্ত ও জবাবদিহি নিশ্চিত করার উদ্যোগকে স্বাগত জানিয়েছেন।

তিনি বলেন, ধর্মীয় বিশ্বাস কিংবা পরিচয় যা-ই হোক, জনপ্রতিনিধিদের বর্ণবাদী ও ইসলামবিদ্বেষী সহিংসতার হুমকি ছাড়াই জনগণের প্রতিনিধিত্ব করার সুযোগ থাকতে হবে।

ডাইরুডের বিরুদ্ধে অঙ্গরাজ্যের সীমানা পেরিয়ে হুমকিমূলক বার্তা পাঠানো এবং একজন ফেডারেল কর্মকর্তাকে হুমকি দেওয়ার অভিযোগ আনা হয়েছে।

সূত্র: মিডল ইস্ট মনিটর

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...