লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর তীব্র সমালোচনা করে দেশটির সরকারের প্রতি পূর্ণ সমর্থন বজায় রাখার প্রতিশ্রুতি দিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও।
দক্ষিণ লেবাননে ইসরাইলি দখলদার বাহিনীর বিরুদ্ধে হিজবুল্লাহর লড়াই জারি রাখার মধ্যেই তিনি এই মন্তব্য করলেন।
মার্কো রুবিও অভিযোগ করে বলেন, হিজবুল্লাহ লেবাননকে ‘অস্থিতিশীল করতে একটি উদ্দেশ্যপ্রণোদিত প্রচার বা অভিযান’ চালাচ্ছে।
এক বিবৃতিতে তিনি লেবানন সরকারের প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করে বলেন, মার্কিন যুক্তরাষ্ট্রের পূর্ণ সমর্থন নিয়ে নিজ দেশের নাগরিকদের জন্য পুনরুদ্ধার, পুনর্গঠন, আন্তর্জাতিক সহায়তা এবং একটি স্থিতিশীল ভবিষ্যৎ নিশ্চিত করতে লেবানন সরকার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। এর বিপরীতে হিজবুল্লাহ ‘সক্রিয়ভাবে লেবাননকে পুনরায় বিশৃঙ্খলা ও ধ্বংসের দিকে ঠেলে দেওয়ার চেষ্টা করছে।’
মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর এই বক্তব্য এমন এক সময়ে এলো, যার ঠিক আগের দিন গত রোববার হিজবুল্লাহ প্রধান নাঈম কাসেম লেবানন সরকারকে একটি আহ্বান জানান। তিনি সরকারকে ‘প্রতিরোধ সংগ্রামকে অপরাধ হিসেবে গণ্য করে নেওয়া সিদ্ধান্তগুলো বাতিলের’ অনুরোধ করেন। একই সঙ্গে হিজবুল্লাহর সঙ্গে যুক্ত কর্মকর্তাদের ওপর সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রের দেওয়া নিষেধাজ্ঞা প্রত্যাখ্যান করতে লেবানন সরকারের ব্যর্থতার তীব্র নিন্দা জানান নাঈম কাসেম।
উল্লেখ্য, গত মাসে একটি কথিত ‘যুদ্ধবিরতি’ চুক্তি হওয়া সত্ত্বেও লেবাননজুড়ে ইসরাইলি সেনাবাহিনী তাদের প্রাণঘাতী হামলা অব্যাহত রেখেছে। এই পরিস্থিতির মধ্যেই ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন ইসরাইল এবং লেবানন সরকারের মধ্যে শান্তি আলোচনার মধ্যস্থতা করার চেষ্টা করে যাচ্ছে, যা হিজবুল্লাহ বারবার প্রত্যাখ্যান করেছে।
সূত্র: আল-জাজিরা
এএম
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


