গাজাগামী ত্রাণবহরের দুই অধিকারকর্মীকে মুক্তি দিল ইসরাইল

আমার দেশ অনলাইন
আমার দেশ অনলাইন

গাজাগামী ত্রাণবহরের দুই অধিকারকর্মীকে মুক্তি দিল ইসরাইল

গাজামুখী ত্রাণবহর ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’ থেকে আটক হওয়া দুই অধিকারকর্মীকে মুক্তি দিয়ে নিজ নিজ দেশে ফেরত পাঠিয়েছে ইসরাইল। মুক্তিপ্রাপ্তরা হলেন ব্রাজিলের থিয়াগো দে আভিলা এবং ফিলিস্তিনি বংশোদ্ভূত স্প্যানিশ কর্মী সাইফ আবুকেশেক।

বিজ্ঞাপন

আনাদোলু এজেন্সির প্রতিবেদনে বলা হয়েছে, দীর্ঘ সময় আটকে রাখার পর রোববার তাদের মুক্তি দেওয়া হয়।

ইসরাইলের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, তদন্ত কার্যক্রম শেষ হওয়ার পর ওই দুই কর্মীকে ছেড়ে দেওয়া হয়েছে। এর আগে ইসরাইলি আদালত দুই দফায় তাদের আটকাদেশের মেয়াদ বাড়িয়েছিল।

গত ৩০ এপ্রিল গ্রিসের ক্রিট দ্বীপের কাছাকাছি এলাকায় গাজাগামী এই ত্রাণবহরে হামলার ঘটনা ঘটে। সে সময় বহরটি গাজার উপকূল থেকে প্রায় ৬০০ নটিক্যাল মাইল দূরে অবস্থান করছিল।

মানবিক সহায়তা নিয়ে যাত্রা করা বহরটির প্রথম জাহাজগুলো গত ১২ এপ্রিল স্পেনের বার্সেলোনা থেকে রওনা হয়। পরে ২৬ এপ্রিল ইতালির সিসিলি দ্বীপ থেকে মূল বহর যাত্রা শুরু করে। তাদের উদ্দেশ্য ছিল গাজার ওপর আরোপিত দীর্ঘদিনের অবরোধ ভাঙা এবং মানবিক সহায়তা পৌঁছে দেওয়া।

২০০৭ সাল থেকে গাজা উপত্যকায় কঠোর অবরোধ বজায় রেখেছে ইসরাইল। এতে প্রায় ২৪ লাখ বাসিন্দা খাদ্যসংকট ও দুর্ভিক্ষের ঝুঁকিতে রয়েছে বলে বিভিন্ন মানবাধিকার সংস্থা সতর্ক করে আসছে।

এদিকে ২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় চলমান ইসরাইলি সামরিক অভিযানে এখন পর্যন্ত ৭২ হাজারের বেশি মানুষ নিহত এবং ১ লাখ ৭২ হাজারের বেশি আহত হয়েছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। পাশাপাশি উপত্যকাজুড়ে ব্যাপক ধ্বংসযজ্ঞ ও মানবিক সংকট আরও গভীর হয়েছে।

এসআর

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন