দেশের অন্যতম বৃহৎ তৈরি পোশাকের পাইকারি বাজার কেরানীগঞ্জের গার্মেন্টপল্লিতে ব্যবসায়ী ও শ্রমিকদের দুর্দিন যাচ্ছে। উৎপাদন খরচ বৃদ্ধি, ক্রেতা ও পাইকারি অর্ডার কমে যাওয়া এবং পুঁজি আটকে থাকায় অনেক ব্যবসায়ী নতুন করে পণ্য উৎপাদন করতে পারছেন না। এছাড়া বিদ্যুৎ ও গ্যাসের মূল্যবৃদ্ধির পাশাপাশি, থান কাপড়, সুতা ও শ্রমিকের মজুরি বাড়লেও সে হারে বাড়েনি পোশাকের দাম। এতে বন্ধ হয়ে যাচ্ছে একের পর এক কারখানা। ঋণের বোঝা সামলাতে না পেরে রাতের আঁধারে গা ঢাকা দিচ্ছেন অনেক কারখানার মালিক।
অন্যদিকে, উৎপাদন কমে যাওয়ায় কাজ হারানো ও আয় কমে যাওয়ার অনিশ্চয়তায় পড়েছেন হাজারো শ্রমিক। নিয়মিত কাজ না পেয়ে কেউ বিকল্প পেশার খোঁজ করছেন, আবার কেউ কম মজুরিতেও কাজ করতে রাজি হয়েও পাচ্ছেন না কর্মসংস্থান। এতে করে একসময় কর্মচাঞ্চল্যে মুখর এই অঞ্চলে এখন ব্যবসায়ী ও শ্রমিক-উভয় পক্ষের মধ্যেই বাড়ছে হতাশা। সরেজমিনে বিভিন্ন কারখানা ঘুরে ব্যবসায়ী, কারিগর ও শ্রমিকদের সঙ্গে কথা বলে সেখানকার এমন চিত্র দেখা গেছে ।
কেরানীগঞ্জের আগানগর, কালীগঞ্জ, শুভাঢ্যা ও আশপাশের প্রায় দেড় কিলোমিটার এলাকায় গড়ে ওঠা গার্মেন্টপল্লিতে ছোট-বড় অসংখ্য কারখানা, দোকান ও শোরুম রয়েছে। এসব প্রতিষ্ঠানে তৈরি হয় জিনসের প্যান্ট, শার্ট, টি-শার্ট, গেঞ্জি, পাঞ্জাবি, বোরকাসহ নারী, পুরুষ ও শিশুদের বিভিন্ন ধরনের পোশাক। দেশের বিভিন্ন জেলার পাইকাররা এখান থেকে পণ্য কিনে নিয়ে যান।
স্থানীয় ব্যবসায়ীদের দেওয়া হিসাব অনুযায়ী, এ শিল্পের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে বিপুলসংখ্যক মানুষের জীবন-জীবিকা জড়িত। যদিও কারখানা ও শ্রমিকের সংখ্যা নিয়ে নির্ভরযোগ্য কোনো তথ্য নেই। তবে ব্যবসায়ী সমিতির নেতারা জানান, ছোট, বড় ও মাঝারি আকারের সব মিলে ১৫ হাজারেরও বেশি কারখানা এবং প্রায় ১০-১৫ লাখ মানুষের কর্মসংস্থান এখানে।
তবে এখানকার গার্মেন্ট ব্যবসার আগের অবস্থা নেই। চরম মন্দাবস্থায় ব্যবসায়ী ও শ্রমিক সবারই এখন দুর্দিন চলছে বলে জানিয়েছেন কেরানীগঞ্জের কালীগঞ্জ বাজারের নূর সুপার মার্কেটের ব্যবসায়ী মাসুদ রানা। তিনি বলেন, মৌসুম শুরু হলেও তৈরি পোশাকের গ্রাহক নেই, এতে বেচাকেনা কমে কারখানার মালিক-শ্রমিক সবাই সংকটে পড়েছেন। গত বছরের তুলনায় এবারের পরিস্থিতি আরো নাজুক। এতে করে অনেক কারখানা বন্ধ হয়ে গেছে। যারা টিকে আছেন তারাও ঋণগ্রস্ত।
আশিক টাওয়ারের কারখানার মালিক ফিরোজ মিয়া আমার দেশকে জানান, ২০ বছরের অভিজ্ঞতায় এর আগে কখনো এতটা খারাপ পরিস্থিতির মুখে পড়েননি। বিদ্যুৎ ও গ্যাসের দাম বৃদ্ধির পাশাপাশি থান কাপড়, সুতা ও শ্রমিকের মজুরিসহ সবকিছুর দাম বাড়লেও তৈরি পোশাকের দাম কমছে। পরিস্থিতি এতটাই খারাপ যে, না পারছেন কারখানা চালাতে, না পারছেন ছেড়ে দিতে।
নূর সুপার মার্কেটের আব্দুল হালিম নামে অপর ব্যবসায়ী বলেন, প্রত্যেকের গড়ে গত বছরেরই অবিক্রীত অনেক প্রোডাক্ট রয়ে গেছে। এবার শীত মৌসুম শুরু হলেও বিক্রির খবর নেই। তাই বেশির ভাগ ব্যবসায়ী ঋণগ্রস্ত হয়ে উৎপাদনে যাচ্ছেন না।
কারখানার শ্রমিক হেলেনা খাতুন বলেন, মৌসুম শুরু হলেও কাজের তেমন চাপ নেই। অনেক শ্রমিক কাজ না পেয়ে বেকার হয়ে পড়েছেন। আগের মতো কাজের ধুম পড়ার কোনো লক্ষণ দেখছি না।
সার্বিক বিষয় তুলে ধরে কেরানীগঞ্জ গার্মেন্ট ব্যবসায়ী ও দোকান মালিক সমবায় সমিতির সভাপতি আনোয়ার হোসেন আমার দেশকে বলেন, কালীগঞ্জ বাজারের দেড় কিলোমিটার এলাকাজুড়ে এই গার্মেন্ট ব্যবসা। এখানে প্রায় ১৫ হাজার দোকান ও ১০-১৫ লাখ মানুষের কর্মসংস্থান। কিন্তু এই ব্যবসার চরম দুর্দিন চলছে। এতে অনেক কারখানার মালিক শ্রমিকদের বেতন-ভাতা না দিয়ে রাতের গভীরে পালিয়ে যাচ্ছেন। প্রতিদিন এসব বিষয় নিয়ে আমাদের বিচার-আচার করতে হচ্ছে। এমনকি ঋণে জর্জরিত হয়ে দুয়েকজন আত্মহত্যাও করেছেন।
আনোয়ার আরো বলেন, আমাদের পোশাকপল্লীতে ছোট-বড় তিন শতাধিক মার্কেট রয়েছে। ওইসব মার্কেটে ১০ হাজার শোরুম ও প্রায় ৫,০০০ কারখানা রয়েছে। সেখানে প্রায় ১০-১৫ লাখ নারী ও পুরুষ শ্রমিক কাজ করে তাদের জীবিকা নির্বাহ করে আসছেন।
এলাকা ঘুরে কয়েকজনের সঙ্গে কথা বলে জানা যায়, ব্যবসায়ীদের দুরবস্থার পেছনে রয়েছে কাপড়, সুতা, বোতাম, জিপার, রং ও অন্যান্য কাঁচামালের মূল্যবৃদ্ধি। পাশাপাশি বিদ্যুৎ, পরিবহন, দোকানভাড়া, শ্রমিকের মজুরি এবং ব্যাংকঋণের সুদও বেড়েছে। কিন্তু উৎপাদিত পোশাকের দাম সেই অনুপাতে বাড়ানো যাচ্ছে না। কম দামে পণ্য সরবরাহের প্রতিযোগিতায় অনেক ব্যবসায়ী লাভের পরিবর্তে পুঁজি হারাচ্ছেন।
এছাড়া পাইকারি ক্রেতাদের ক্রয়ক্ষমতা কমে যাওয়া, বাজারে বিক্রির অনিশ্চয়তা এবং অনলাইন ও আমদানিনির্ভর পোশাকের সঙ্গে প্রতিযোগিতাও স্থানীয় উদ্যোক্তাদের চাপে ফেলছে। অনেক ব্যবসায়ী ঈদ ও শীত মৌসুমের বিক্রির ওপর নির্ভর করে আগাম পণ্য তৈরি করেন। প্রত্যাশিত সময়ে অর্ডার বা বিক্রি না হলে অবিক্রীত পণ্যে পুঁজি আটকে যায়। তখন শ্রমিকের মজুরি, দোকানভাড়া ও ঋণের কিস্তি পরিশোধ করাও কঠিন হয়ে পড়ে।
কেরানীগঞ্জের ব্যবসায়ীরা জানান, গত বছর ঈদ ও শীতের মৌসুমে প্রত্যাশিত বেচাকেনা না হওয়া এবং কাঁচামালের বাড়তি দামের কারণে তাদের ব্যবসা মন্দা যাচ্ছিল। এ বছর আরো বেশি মন্দা বিরাজ করছে।
ব্যবসা কমে যাওয়ার সরাসরি প্রভাব পড়ছে শ্রমিকদের ওপর। অর্ডার কমে যাওয়ায় কারখানায় উৎপাদন কমে গেছে হয়। এতে কাটিং, সেলাই, আয়রন, ফিনিশিং ও প্যাকেজিংয়ের কাজে যুক্ত শ্রমিকরা নিয়মিত কাজ পাচ্ছেন না। অনেক প্রতিষ্ঠানে দৈনিক বা পিস হিসাবে মজুরি পাওয়া শ্রমিকদের আয়ও কমে গেছে। নারী শ্রমিকদের একটি বড় অংশও এই অনিশ্চয়তার মধ্যে পড়ছেন। অনেকে এখন কম দামে শ্রম দিতে চেয়েও কাজ পাচ্ছেন না।
তানাকা-ইনসাফ মার্কেটের কোনায় গত মঙ্গলবার সকালে ৩০-৪০ জন নারী দলবেঁধে বসে গল্প করছিলেন। তারা প্রতিদিন কাজের খোঁজে এখানে আসেন, যার প্রয়োজন দরদাম করে তাদের নিয়ে যান। সারা দিন কাজ শেষে যা পান তা দিয়েই তাদের সংসার চলে। আয়েশা নামের এক নারী বলেন, আগের মতো আর কাজ পাওয়া যায় না; ভাগ্যক্রমে পাওয়া গেলেও মজুরি খুব কম দিচ্ছে।
শুধু কেরানীগঞ্জের গার্মেন্টপল্লীর এই দশা নয়; জাতীয় পর্যায়েও তৈরি পোশাক খাত বর্তমানে চাপের মুখে। সম্প্রতি শ্রমিকদের মজুরি বৃদ্ধির দাবিতে আন্দোলনের কারণে ঢাকা, গাজীপুর ও সাভার-আশুলিয়াসহ বিভিন্ন শিল্পাঞ্চলে ৫২৯টি কারখানায় উৎপাদন ব্যাহত হয়।
কেরানীগঞ্জের ব্যবসায়ী নেতারা গার্মেন্ট ব্যবসায়ী ও শ্রমিকদের দুর্দিন কাটাতে সরকারের কাছে ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের সহজ শর্তে স্বল্প সুদের ঋণ দেওয়ার কথা বলেছেন। যাতে তারা চলতি মূলধনের সংকট কাটিয়ে উৎপাদন চালু রাখতে পারেন। এছাড়া কাপড় ও অন্যান্য কাঁচামালের সরবরাহ স্বাভাবিক রাখা এবং অযৌক্তিক মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণে নজরদারি বাড়াতে হবে।
এছাড়া স্থানীয় পোশাকের মান ও নকশার উন্নয়নে প্রশিক্ষণ, প্রযুক্তি সহায়তা এবং আধুনিক যন্ত্রপাতি ব্যবহারে উদ্যোক্তাদের সহায়তা দেওয়া প্রয়োজন। কেরানীগঞ্জের তৈরি পোশাকের বাজার সম্প্রসারণে দেশীয় বিপণনব্যবস্থা ও অনলাইন বিক্রির সুযোগ বাড়াতে হবে। পাশাপাশি ঈদকেন্দ্রিক ব্যবসার বাইরে সারা বছর বিক্রির উপযোগী পণ্য উৎপাদনে উদ্যোক্তাদের উৎসাহিত করতে হবে।