ফরিদপুরের নগরকান্দায় পুলিশের বিশেষ অভিযানে দুই শতাধিক লগি-বৈঠা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় বাড়ির মালিক বাঁকা মাতুব্বরকে আটক করেছে নগরকান্দা থানা পুলিশ।
বুধবার সন্ধ্যায় উপজেলার চরযশোরদী ইউনিয়নের দহিসারা গ্রামে বাঁকা মাতুব্বরের বাড়িতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এসব লগি-বৈঠা উদ্ধার করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলা বিএনপির আয়োজনে আওয়ামী লীগের কথিত সন্ত্রাস ও অগ্নিসন্ত্রাসের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হওয়ার খবর ছড়িয়ে পড়লে ওই মিছিলে হামলার উদ্দেশ্যে লগি-বৈঠা মজুত করে রাখার তথ্য পায় পুলিশ।
পরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বাড়িটি থেকে প্রায় দুই শতাধিক লগি-বৈঠা জব্দ করা হয়। এ সময় বাড়ির মালিক বাঁকা মাতুব্বরকে আটক করে থানায় নিয়ে যায়
পুলিশ।
এদিকে, লগি-বৈঠা উদ্ধারের ঘটনায় নগরকান্দায় বিএনপির নেতাকর্মীদের মধ্যে ক্ষোভ ও উদ্বেগ বিরাজ করছে। তারা ঘটনার সুষ্ঠু তদন্ত এবং জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
নগরকান্দা থানার অফিসার ইনচার্জ রাসুল সামদানী আজাদ বলেন উদ্ধার করা লগি-বৈঠার প্রকৃত উদ্দেশ্য এবং এ ঘটনায় সঙ্গে কারা কারা জড়িত তা তদন্তের মাধ্যমে নিশ্চিত করা হবে এবং জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।
এমএইচ