কার্যক্রম নিষিদ্ধ পতিত আওয়ামী সরকারের সাবেক মৎস্য ও প্রাণি সম্পদ মন্ত্রী শ.ম. রেজাউল করিমের গ্রামের বাড়ি ও নাজিরপুর উপজেলা সদরের বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।
বুধবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে পিরোজপুরের নাজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সংলগ্ন বাড়িতে এবং রাত সাড়ে ৭টার দিকে উপজেলার মাটিভাঙ্গা ইউনিয়নের তারাবুনিয়া গ্রামের বাড়িতে দুর্বৃত্তরা হামলা চালিয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে ৫০ থেকে ৬০ জনের একটি দল তারাবুনিয়া এলাকায় শ. ম. রেজাউল করিমের গ্রামের বাড়িতে হামলা চালায়। পরে সন্ধ্যা সাতটার দিকে উপজেলা সদরে অবস্থিত তার বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়।
স্থানীয়দের ভাষ্য, দেশব্যাপী আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতা-কর্মীদের বিরুদ্ধে নৈরাজ্য, অগ্নিসংযোগ এবং বিভিন্ন সরকারি ভবনে হামলার প্রতিবাদে জনগন একটি বিক্ষোভ মিছিল বের করে। মিছিলের এক পর্যায়ে উত্তেজিত জনতা রেজাউল করিমের দুই বাড়িতে হামলা চালায়।
এ বিষয়ে নাজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম বলেন, সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিমের গ্রামের বাড়িতে হামলার খবর পেয়ে সেখানে পুলিশ পাঠানো হয়েছে। বিক্ষুব্ধ জনতা এ ঘটনা ঘটিয়েছেন বলে প্রাথমিকভাবে তিনি জানতে পেরেছি। ওসি তারিকুল জানান, পুলিশ ঘটনাস্থলে গিয়ে আগুন নিভে যাওয়ার বিষয়টি নিশ্চিত হয়েছে এবং সেখানে ভাঙচুরের কিছু চিহ্ন দেখতে পেয়েছে।
প্রসঙ্গত, বিএনপি অভিযোগ করেছে গতকাল বুধবার খুব ভোরে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী সন্ত্রাসীরা পিরোজপুরের ভান্ডারিয়ায় বাসে আগুন দিয়ে এক হেলপারকে হত্যা ও নাজিরপুরে বিএনপি জামায়াতের নেতা-কর্মীদের পাঁচটি ব্যবসাপ্রতিষ্ঠান পুড়িয়ে দিয়েছে।