তৃণমূলের সাংগঠনিক ভিত সুদৃঢ় করা এবং দলীয় শৃঙ্খলা প্রতিষ্ঠার প্রত্যয়ে ভোলার বোরহানউদ্দিনে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ রোববার (২৯ নভেম্বর) বিকেলে বোরহানউদ্দিন উপজেলা অডিটোরিয়ামে উপজেলা বিএনপির উদ্যোগে এই সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি ছিলেন ভোলা-২ (বোরহানউদ্দিন-দৌলতখান) আসনের সংসদ সদস্য আলহাজ্ব মো. হাফিজ ইব্রাহিম।
বোরহানউদ্দিন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. সরোয়ার আলম খানের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলা জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সাচড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো. ফজলুর রহমান বাচ্চু মোল্লা, জেলা বিএনপির সদস্য ও উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক কাজী মঞ্জুরুল আলম ফিরোজ, যুগ্ম আহ্বায়ক কাজী মো. শহিদুল হক নাসিম, উপজেলা বিএনপির সদস্যসচিব অ্যাডভোকেট কাজী মো. আযম এবং পক্ষিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান হুমায়ুন কবির সেলিম।
প্রধান অতিথির বক্তব্যে হাফিজ ইব্রাহিম দলীয় নেতাকর্মীদের উদ্দেশে বলেন, যেসব বিএনপি নেতাকর্মী আওয়ামী লীগের নেতাকর্মীদের আশ্রয়-প্রশ্রয় দিচ্ছেন এবং দেশে অরাজকতা সৃষ্টির কর্মকাণ্ডে সহযোগিতা করছেন, তাঁদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। এ ধরনের কর্মকাণ্ডে জড়িত নেতাকর্মীদের দল থেকে বহিষ্কার করা হবে বলেও তিনি হুঁশিয়ারি দেন।
দক্ষ ও সুশৃঙ্খল কর্মীবাহিনী গঠনের লক্ষ্যে দলীয় শৃঙ্খলা বজায় রাখা এবং তৃণমূল পর্যায়ে সংগঠনকে সুসংগঠিত করার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
সভায় বোরহানউদ্দিন উপজেলা বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন। উপজেলার বিভিন্ন ইউনিয়নের নেতাকর্মীদের উপস্থিতিতে তৃণমূল পর্যায়ে সাংগঠনিক কার্যক্রম জোরদার, পারস্পরিক সমন্বয় বৃদ্ধি এবং দলের সাংগঠনিক ভিত্তি আরও শক্তিশালী করার বিষয়ে আলোচনা হয়।