পিরোজপুরে সড়ক দুর্ঘটনায় এক কলেজছাত্রীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুরে খুলনা-বরিশাল আঞ্চলিক মহাসড়কের পিরোজপুর সদরের ডুমুরিতলা নামক স্থানে বাস ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ওই কলেজছাত্রীর মৃত্যু হয়।
নিহত ছাত্রী মারিয়া আক্তার পিরোজপুর সদর উপজেলার বানেশ্বরপুর গ্রামের আবুল কালামের মেয়ে মারিয়া আক্তার। মারিয়া স্থানীয় আফতাব উদ্দিন কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী বলে জানা গেছে।
এ ঘটনায় আরো দুজন আহত হয়েছেন। তারা হলেন অটোরিকশাচালক রাসেল ও নিহত মারিয়ার মা হাওয়া বেগম। পিরোজপুর সদর থানার ওসি শরিফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, বরিশাল থেকে ছেড়ে আসা একটি বাসের সঙ্গে পিরোজপুরের ডুমুরীতলা নামক স্থানে বিপরীত দিক থেকে আসা একটি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই কলেজ শিক্ষার্থী মারিয়ার মৃত্যু হয়। স্থানীয়রা হাওয়া বেগম ও অটো রিকশার চালক রাসেলকে উদ্ধার করে জেলা হাসপাতালে পাঠায়। সেখানেই কর্তব্যরত ডাক্তার মারিয়াকে মৃত ঘোষণা করেন।
পিরোজপুর জেলা হাসপাতালের চিকিৎসক ডা. অতনু হালদার বলেন, বৃহস্পতিবার দুপুরে সড়ক দুর্ঘটনায় নিহত একজন এবং আহত দুজনকে জেলা হাসপাতালে আনা হয়। গুরুতর আহত হাওয়া বেগম নামের একজনকে উন্নত চিকিৎসার জন্য খুলনায় রেফার করা হয়েছে।
পিরোজপুর সদর থানার ওসি জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘাতক বাসটিকে আটক করা হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
এমএইচ