শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলন বলেছেন, ‘নকল এখন আর হচ্ছে না। আমরা এখন শিক্ষার মানোন্নয়ন নিয়ে কাজ করছি। শিক্ষকদের কী কী সুবিধা-অসুবিধা রয়েছে, কোন কোন কারণে শিক্ষার মান বাধাগ্রস্ত হচ্ছে, সেসব বিষয় চিহ্নিত করে সমাধানের চেষ্টা করছি।’
বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় বরিশাল জেলা শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। আসন্ন এইচএসসি ও সমমানের পরীক্ষা উপলক্ষে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, বরিশাল; বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড এবং বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের আওতাধীন বরিশাল অঞ্চলের কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তাদের সঙ্গে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়।
বরিশাল শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মোহাম্মদ ইউনুস আলী সিদ্দিকীর সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় শিক্ষামন্ত্রী বলেন, নতুন প্রজন্মকে নতুনভাবে গড়ে তোলা হবে। সব শিক্ষককে প্রশিক্ষণের আওতায় আনা হবে। প্রযুক্তিনির্ভর ক্লাসরুমে ক্লাস সম্পন্ন করবেন শিক্ষকেরা। শিক্ষাব্যবস্থা সুন্দর করার লক্ষ্যে সরকার কাজ করছে।’
মন্ত্রী বলেন, ‘২০০১ সালে পাবলিক পরীক্ষা অ্যাক্ট পরিবর্তন করা হয়েছে। বাইরে থেকে যদি কেউ সমস্যার সৃষ্টি করে, তাদের সবার জন্য শাস্থির ব্যবস্থা থাকবে। পুলিশের বডি অন ক্যামেরা রাখা হবে। কেউ জোরদারি করতে পারবে না। এছাড়া খাতা পরিবর্তন, নম্বর বণ্টনে অনিয়ম হলে সে ব্যাপারেও আইন প্রণয়ন করা হবে।’
পরীক্ষার সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। শুধু নকল প্রতিরোধ নয়, শিক্ষার গুণগত মান বৃদ্ধি এবং শিক্ষাব্যবস্থার বিদ্যমান সমস্যাগুলো চিহ্নিত করে সমাধানে সরকার গুরুত্ব দিচ্ছে। মন্ত্রী আরো বলেন, "যে কোনো পরীক্ষা সম্পন্ন হবার ২ মাসের মধ্যে ফলাফল ঘোষণা করা হবে।
২ বছরের কোর্স ২ বছরের মধ্যেই শেষ করতে হবে। বিশ্ববিদ্যালয়গুলোতে কোনো সেশন জট থাকতে পারবে না। সভায় এইচএসসি ও সমমানের পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। পরীক্ষাকেন্দ্র ব্যবস্থাপনা, শৃঙ্খলা রক্ষা এবং পরীক্ষার্থীদের জন্য অনুকূল পরিবেশ নিশ্চিত করার বিষয়েও সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা দেন তিনি।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন বরিশাল সিটি কপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীন, বিভাগীয় কমিশনার খলিলুল আহমেদ, জেলা পরিষদের প্রশাসক আকন কুদ্দুসুর রহমান, ডিআইজি, উজিরপুর-২ আসনের সংসদ সদস্য এস এম সরফুদ্দিন সন্টু, বিএনপির সদস্য সচিব জিয়াউদ্দিন সিকদার, মহানগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান ফারুক প্রমুখ।