বরিশালের উজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আলী সুজার বদলির আদেশ প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন উপজেলার সর্বস্তরের জনগণ। এ সময় ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ করা হলে সড়কের দুই পাশে প্রায় ১০ কিলোমিটারজুড়ে যানজটের সৃষ্টি হয়।
মঙ্গলবার বেলা ১১টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের ইচলাদী এলাকায় ‘উজিরপুর উপজেলার সর্বস্তরের জনগণ’-এর ব্যানারে এ মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, ২০২৪ সালের ৫ নভেম্বর সরকারি আদেশে উজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে যোগদান করেন আলী সুজা। দায়িত্ব পালনকালে তিনি প্রশাসনিক কর্মকাণ্ডের পাশাপাশি সাধারণ মানুষের বিভিন্ন সমস্যা সমাধান ও মানবিক সহায়তা কার্যক্রমে ভূমিকা রাখেন।
এতে স্থানীয় জনগণের একটি বড় অংশের কাছে আস্থাভাজন হয়ে ওঠেন তিনি। জাতীয় নির্বাচনের পর সংসদ সদস্য সরদার সরফুদ্দিন আহমেদ সান্টুর নির্দেশনায় বিভিন্ন কার্যক্রমে দায়িত্ব পালন করেও দলীয় নেতাকর্মীদের প্রশংসা পেয়েছেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
এলাকার অসহায় ও অবহেলিত মানুষের পাশে দাঁড়ানো এবং জনকল্যাণমূলক কর্মকাণ্ডে সম্পৃক্ততার কারণে তাঁর বদলির আদেশের খবর ছড়িয়ে পড়লে স্থানীয়দের মধ্যে বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। এরই প্রতিবাদে বদলির আদেশ প্রত্যাহারের দাবিতে এ কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধনে অংশ নেওয়া দিনমজুর রুবেল খান বলেন, “সড়ক দুর্ঘটনায় আহত হওয়ার পর চিকিৎসার খরচ জোগাতে আমি যখন হিমশিম খাচ্ছিলাম, তখন মানবিক ইউএনও আলী সুজা আমার পরিবারের খোঁজখবর নিয়ে আর্থিক সহায়তার হাত বাড়িয়ে দেন। তাঁর সহযোগিতায় আমি সুস্থ হয়ে উঠতে পেরেছি।”
নাম প্রকাশ না করার শর্তে মানববন্ধনে অংশ নেওয়া একাধিক ব্যক্তি জানান, একজন সরকারি কর্মকর্তা হয়েও ইউএনও আলী সুজা বিভিন্ন এলাকার অবহেলিত ও অসহায় মানুষের খোঁজখবর নিয়েছেন এবং তাঁদের পুনর্বাসনে সহযোগিতার উদ্যোগ নিয়েছেন। তাঁর বদলির খবরে তাঁরা মর্মাহত। উজিরপুরে আরও কিছুদিন দায়িত্ব পালন করলে এলাকার সামাজিক উন্নয়ন ও জনকল্যাণমূলক কর্মকাণ্ড আরও এগিয়ে নেওয়া সম্ভব হবে বলে তাঁরা মনে করেন।
উল্লেখ্য, গত ১৬ নভেম্বর বরিশাল বিভাগীয় কমিশনারের কার্যালয় থেকে জারি করা এক আদেশে উজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আলী সুজাকে পটুয়াখালী সদর উপজেলায় বদলি করে সেখানে যোগদানের নির্দেশ দেওয়া হয়। একই আদেশে তাঁর স্থলাভিষিক্ত হিসেবে বরিশালের মেহেন্দীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা রিয়াজুর রহমানকে উজিরপুরে যোগদানের নির্দেশ দেওয়া হয়েছে।