পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরের গঙ্গামতি এলাকার ফরেস্ট রিজার্ভ সংলগ্ন সৈকত থেকে অজ্ঞাত এক যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে নৌ পুলিশ।
মঙ্গলবার সন্ধ্যা সোয়া ৬টার দিকে কুয়াকাটা নৌ পুলিশ ফাঁড়ির সদস্যরা লাশটি উদ্ধার করে ফাঁড়িতে নিয়ে যান।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বিকেলে কয়েকজন ব্যক্তি গঙ্গামতি সৈকতে গোসল করতে গিয়ে সাগরের পানিতে ভাসমান অবস্থায় লাশটি দেখতে পান। পরে তারা বিষয়টি নৌ পুলিশকে জানালে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।
উদ্ধার হওয়া যুবকের বয়স আনুমানিক ৩৫ থেকে ৩৮ বছর। তাঁর পরনে ছিল কালো প্যান্ট ও সাদা গেঞ্জি। গেঞ্জিতে ‘বাংলাদেশ ইসলামী যুব আন্দোলন, চট্টগ্রাম’ লেখা এবং সংগঠনের লোগো রয়েছে।
পুলিশের প্রাথমিক ধারণা, সাগরে নিখোঁজ কোনো ব্যক্তি বা সাম্প্রতিক কোনো ট্রলারডুবির ঘটনায় নিখোঁজ জেলের লাশ হতে পারে এটি। তবে বিষয়টি এখনো নিশ্চিত নয়।
কুয়াকাটা নৌ পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত ইনচার্জ মনিরুজ্জামান বলেন, গঙ্গামতি এলাকা থেকে অজ্ঞাত এক যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়েছে। লাশের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।