হোম > সারা দেশ > বরিশাল

চাল বিতরণে অনিয়ম, গণঅধিকারের ২ নেতা গ্রেপ্তার

উপজেলা প্রতিনিধি, গলাচিপা (পটুয়াখালী)

পটুয়াখালীর গলাচিপায় ফেয়ার প্রাইজের চাল বিতরণের সময় ওজনে কম দেওয়ার অভিযোগে গণঅধিকার পরিষদ ও শ্রমিক অধিকার পরিষদের দুই নেতাকে আটক করেছে যৌথ বাহিনী। মঙ্গলবার (১৯ আগস্ট) দুপুরে উপজেলার রতনদী তালতলী ইউনিয়নের নিজহাওলা গ্রাম থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন রতনদী তালতলী ইউনিয়নের ৪ ও ৮ নম্বর ওয়ার্ডের ডিলার এবং শ্রমিক অধিকার পরিষদের ইউনিয়ন কমিটির সাবেক আহ্বায়ক সাগর হোসেন দুদা। তার সঙ্গে আটক করা হয়েছে তার সহোদর, একই ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড গণঅধিকার পরিষদের আহ্বায়ক দাদন মিয়াকে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ডিলার সাগর হোসেন দুদা প্রতি ৩০ কেজি চালের বিপরীতে কার্ডধারীদের কাছ থেকে ৪৫০ টাকা নিচ্ছিলেন, কিন্তু তাদের মাত্র ২৪ থেকে ২৬ কেজি চাল দিচ্ছিলেন। একই সঙ্গে নতুন কার্ড প্রদানের নামে প্রতিটি কার্ডধারীর কাছ থেকে ২৫০ টাকা করে আদায়েরও অভিযোগ উঠেছে।

রতনদী তালতলী ইউনিয়নের দুই ওয়ার্ডের ৪০১ জন কার্ডধারীর জন্য বরাদ্দকৃত ১২ টন ৩০ কেজি চালের মধ্যে মাত্র ৫২ জনকে চাল বিতরণের সময় এই অনিয়ম ধরা পড়ে। স্থানীয়রা সেনাবাহিনীকে বিষয়টি জানালে তারা ঘটনাস্থলে গিয়ে অভিযোগের সত্যতা পান এবং দুজনকে আটক করে গলাচিপা থানা পুলিশের কাছে হস্তান্তর করেন।

এদিকে এ ঘটনার পর গলাচিপা উপজেলা শ্রমিক অধিকার পরিষদের দপ্তর সম্পাদক মো. রুবেল মিয়া এবং রতনদী তালতলী ইউনিয়ন শ্রমিক অধিকার পরিষদের সদস্য সচিব মো. রিয়াজুল ইসলাম স্বাক্ষরিত আলাদা বিজ্ঞপ্তিতে ১৯ আগস্ট তারিখে উল্লিখিত দুই নেতাকে বহিষ্কার করা হয়েছে।

এ বিষয়ে গলাচিপা উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা মাহামুদুল হাসান বলেন, “আমি বর্তমানে গলাচিপার বাইরে আছি। তবে এ ঘটনায় উপ-খাদ্য পরিদর্শক বাদী হয়ে মামলা করবেন। অভিযুক্ত ডিলারের লাইসেন্স বাতিল করা হবে।”

গণঅধিকার পরিষদের সদস্য সচিব জাকির হোসেন মুন্সি বলেন, “দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে অভিযুক্তদের গণ অধিকার পরিষদ থেকে বহিষ্কার করা হবে।”

গলাচিপা থানার অফিসার ইনচার্জ আশাদুর রহমান সাংবাদিকদের জানান, এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

সংরক্ষিত নারী আসনের বদলে ১০০ আসনে সরাসরি নির্বাচন চান স্পিকার

জুলাই আন্দোলনে আহত সেই জিয়াউদ্দিন এখন বিডিএ চেয়ারম্যান

কুয়াকাটায় ২ কেজি ৩০০ গ্রামের ইলিশ বিক্রি হলো ৮ হাজার টাকায়

বানারীপাড়ায় বড় ভাইয়ের আঘাতে ছোট ভাই নিহত

ইউপি নির্বাচন করতে চাকরি থেকে প্রধান শিক্ষকের পদত্যাগ

সিলেটে পরকীয়ার জেরে স্ত্রী হত্যা, ১০ বছর পর স্বামীর মৃত্যুদণ্ড

কাউখালীর আশ্রমে দুই ভারতীয় নাগরিককে নিয়ে গঠিত কমিটি স্থগিত

ছাত্রলীগ নেতার বাড়ি থেকে যুবদল নেতা গ্রেপ্তার

আমতলীতে গ্রামীণ ব্যাংক, কলেজ ও সড়কে আগুন

আমতলীতে হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার