বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, জুলাই সনদ বাস্তবায়ন না হলে যারাই ক্ষমতা গ্রহণ করবে তারাই শেখ হাসিনা হয়ে জন্ম হবে। এখনো সময় আছে জুলাই সনদ বাস্তবায়নের উদ্যোগ নিতে হবে। জুলাই সনদ বাস্তবায়ন না করা হলে জাতির সাথে প্রতারণা করা হবে। অতীতেও কোন প্রতারণা এই বাংলাদেশের মানুষ মেনে নেয় নাই এখনো মেনে নিবে না। মেনে না নিলে পরিণতি ভয়াবহ হতে পারে।
শনিবার বাংলাদেশ জামায়াতে ইসলামী ভোলা জেলা শাখার আয়োজনে উপজেলা কর্ম পরিষদ সদস্য সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন।
বাজেট প্রসঙ্গে তিনি বলেন, সরকার যে বাজেট ঘোষণা করেছেন এই বাজেট নেতাকর্মীদের লুটপাটের বাজেট। এটা বাংলাদেশের জনগণের বাজেট হতে পারে না। উচ্চাভিলাষী, ঋণ নির্ভর বাজেট বাংলাদেশের মানুষকে কুরে কুরে খাবে। বিএনপি দলীয় নেতাকর্মীরা যাতে করে লুটপাট করতে পারে, নিজেদের আখের গোছাতে পারে এরকম একটি বাজেট প্রণয়ন করেছে সরকার। বাংলাদেশ জামায়াতে ইসলামী এ বাজেট প্রত্যাখ্যান করেছে। জামায়াত তার নিজস্ব দৃষ্টিভঙ্গি থেকে জনবান্ধব ছায়াবাজেট ঘোষণা করেছে। জামায়াত মনে করে সরকার সংশোধিত বাজেট জাতির সামনে উপস্থাপন করবে।
ইসলামী ব্যাংক প্রসঙ্গে মিয়া গোলাম পরওয়ার বলেন, ইসলামী ব্যাংক জামায়াতে ইসলামীর ব্যাংক নয় এটা জনগণের ব্যাংক। বাংলাদেশের মানুষের ব্যাংক। বিএনপি মনে করেছে আওয়ামী লীগ যে ভাবে লুটেপুটে খেয়েছে তারাও সেভাবে লুটে পুটে খাবে। এটা কখনো বাংলাদেশের মানুষ হতে দিবে না।
ভোলা জেলার বিষয়ে তিনি বলেন, ভোলা জেলা নিয়ে স্পিকার যে ভূমিকা রাখছেন তা অবশ্য প্রশংসনীয়। তবে ভোলা সদর আসনের সংসদ সদস্য বিএনপি'র শেখানো বুলি আওড়াচ্ছেন। ভোলার মানুষকে নিয়ে ভাবছেন না। তিনি জামায়াতে ইসলামীর বিরুদ্ধে খুব ভালো বলতে পারেন। এই বিচ্ছিন্ন দ্বীপ ভোলায় নিজস্ব গ্যাস দিয়ে ইন্ডাস্ট্রি তৈরি, মেডিকেল কলেজ প্রতিষ্ঠা, ভোলা-বরিশাল সেতু, নদী ভাঙ্গন রোধ প্রয়োজন। এ বিষয়ে স্থানীয় সংসদ কোন কথা বলছেন না। আমি ভোলার মানুষের এই ন্যায্য দাবি বাস্তবায়নের জন্য সরকারের প্রতি জোর দাবি জানাচ্ছি।
ভোলা জেলা আমির মাস্টার জাকির হোসাইনের সভাপতিত্বে জেলা সেক্রেটারি মাওলানা মাওলানা হারুনুর রশিদের সঞ্চালনায়,সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল, নির্বাহী পরিষদ সদস্য অ্যাডভোকেট মোয়াযযেম হোসাইন হেলাল, কেন্দ্রীয় মজলিসে শুরার সদস্য ও অঞ্চল টিম সদস্য এ কে এম ফখরুদ্দিন খান রাজি।
সম্মেলনে জেলা নায়েবে আমির অধ্যক্ষ নজরুল ইসলাম, প্রচার ও মিডিয়া পরিচালক অধ্যাপক আমির হোসেন, জেলা সহকারী সেক্রেটারী অধ্যক্ষ আব্বাস উদ্দিন, শুরা সদস্য উৎপাধ্যক্ষ এ এইচ এম ওয়ালীউল্লাহ জেলার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সম্মেলনে ভোলার সকল উপজেলা কর্ম পরিষদ সদস্যরা উপস্থিত ছিলেন।
এমই