হোম > সারা দেশ > বরিশাল

অভাবের সংসার থেকে ৩ কারখানার মালিক, এখন ২১৫ মানুষের কর্মসংস্থানের কারিগর

এম লোকমান হোসেন, চরফ্যাশন (ভোলা)

আব্দুর রহমান হাজারী। ছবি: সংগৃহীত

ইচ্ছাশক্তি, কঠোর পরিশ্রম আর সততা থাকলে যে শূন্য থেকেও সফলতার শিখরে পৌঁছানো সম্ভব, তার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন ভোলার চরফ্যাশন উপজেলার এওয়াজপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের সন্তান আব্দুর রহমান হাজারী। অর্থনৈতিক অসচ্ছলতা আর পারিবারিক টানাপোড়েনের মধ্য দিয়ে জীবনের শুরুতেই কঠোর সংগ্রামের পথ বেছে নেওয়া এই তরুণ আজ কেবল একজন সফল উদ্যোক্তাই নন—হয়ে উঠেছেন এলাকার শত শত কর্মহীন মানুষের বেঁচে থাকার অবলম্বন।

পারিবারিক সূত্রে জানা গেছে, উচ্চমাধ্যমিক পড়ালেখা শেষ করার পরপরই পরিবারের অর্থনৈতিক অসচ্ছলতা ও নানা প্রতিকূল পরিস্থিতি তাকে কর্মজীবনে নামতে বাধ্য করে। জীবনসংগ্রামের তাগিদে তিনি প্রথমে ঢাকায় ‘ঢাকা কুইন বেকারি’ নামের একটি প্রতিষ্ঠানে ম্যানেজার হিসেবে কর্মজীবন শুরু করেন। সেখানে দীর্ঘ আট বছর সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করে ব্যবসার বিভিন্ন খুঁটিনাটি রপ্ত করেন। পরে বাবা-মায়ের হঠাৎ অসুস্থতার কারণে তাকে নিজের জন্মভূমি চরফ্যাশনে ফিরে আসতে হয়।

জন্মভূমিতে ফিরে এলেও তার থমকে যাওয়ার সুযোগ ছিল না। ঢাকায় অর্জিত অভিজ্ঞতাকে পুঁজি করে চরফ্যাশন ন্যাশনাল ব্যাংকের নিচে ‘ঢাকা কুইন বেকারি এন্ড কনফেকশনারি’ নামে ছোট একটি শোরুমের মাধ্যমে ব্যবসা শুরু করেন। মানসম্মত পণ্য ও চমৎকার গ্রাহকসেবার কারণে দ্রুতই তার এই উদ্যোগ সফলতা পায়।

ব্যবসায়িক সফলতা পাওয়ার পর তিনি থেমে থাকেননি। ব্যবসার পরিধি বাড়াতে চরফ্যাশন থানা রোডের মাথায় তুলনামূলক বড় পরিসরে গড়ে তোলেন ‘ঢাকা বেকারি এন্ড কনফেকশনারি’। এরপর উৎপাদনে নজর দিয়ে চরফ্যাশন টিভি স্কুলের পাশে স্থাপন করেন বিস্কুট, রুটিসহ বিভিন্ন বেকারি পণ্য তৈরির কারখানা। সেখানেও সাফল্য মিললে আব্দুর রহমান এবার চোখ দেন আরও বড় পরিসরে। নিজের পৈতৃক জমিতে গড়ে তোলেন আধুনিক ও বিশাল এক কারখানা—ঢাকা কুইন ব্রেড এন্ড ফ্যাক্টরি।

বর্তমানে তার তিনটি প্রতিষ্ঠান মিলে সর্বমোট প্রায় ২১৫ জন কর্মী কাজ করছেন। এর মধ্যে শুধু প্রধান কারখানাতেই কর্মসংস্থান হয়েছে প্রায় ২০০ জন শ্রমিকের। আজ কেবল ভোলা জেলাই নয়, তার উৎপাদিত মানসম্মত বেকারি সামগ্রী অন্যান্য জেলাগুলোতেও সরবরাহ করা হচ্ছে। বর্তমানে এই তিনটি প্রতিষ্ঠান থেকে তার বাৎসরিক আয় দাঁড়িয়েছে প্রায় ৬০ লক্ষ টাকায়।

আয়ের একটি বড় অংশ তিনি সামাজিক ও মানবিক কাজে ব্যয় করেন বলে জানান স্থানীয়রা। আব্দুর রহমান বলেন, ‘আমার প্রতিষ্ঠানের অর্জিত আয়ের ৮০ শতাংশ ব্যবসায়ের মানোন্নয়ন ও পারিবারিক কাজে ব্যবহার করলেও বাকি ২০ শতাংশ এলাকার অসহায় ও দরিদ্র মানুষের কল্যাণে ব্যয় করি।’ তার ব্যক্তিগত তহবিল থেকে এলাকার অসহায় ও দরিদ্র মানুষের চিকিৎসা এবং দরিদ্র পরিবারের বিয়েতে আর্থিক সহায়তা প্রদানের পাশাপাশি গ্রামীণ রাস্তাঘাট সংস্কারে অংশ নেওয়ার কথাও জানা যায়।

কারখানায় কর্মরত শ্রমিকরা জানান, তারা এখানে মালিক-কর্মচারী নয়, বরং একটি পরিবারের মতো কাজ করেন। আব্দুর রহমান তাদের সাথে সবসময় অমায়িক ব্যবহার করেন এবং বিপদে-আপদে বা পারিবারিক প্রয়োজনে অগ্রিম টাকা চাইলে হাসিমুখে পাশে দাঁড়ান।

এলাকাবাসীর একটি অংশ তার এই সমাজসেবা ও উদ্যোক্তা ভূমিকার প্রশংসা করে আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে তাকে চেয়ারম্যান হিসেবে পাওয়ার আকাঙ্ক্ষা প্রকাশ করেছেন। প্রথমে অনীহা থাকলেও, এলাকাবাসীর অনুরোধে তিনি পরবর্তীতে নির্বাচনে অংশ নেওয়ার বিষয়ে সম্মতি জানান।

এ ব্যাপারে উদ্যোক্তা আবদুর রহমান হাজারী বলেন, ‘আমি মধ্যবিত্ত পরিবারের সন্তান, আর্থিক সংকটের কারণে উচ্চ শিক্ষা নিতে পারিনি। চাকরি শেষে এলাকায় ফিরে পর্যায়ক্রমে তিনটি প্রতিষ্ঠান গড়ে তুলেছি। আলহামদুলিল্লাহ, এখন বাৎসরিক ভালো আয় হচ্ছে। আমি বিএনপির রাজনীতির সাথে জড়িত। স্থানীয় সংসদ সদস্য মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন ভাই যদি দলগতভাবে আমাকে সমর্থন বা মনোনয়ন দেন, আর আমি যদি নির্বাচিত হতে পারি, তবে এলাকার অবহেলিত রাস্তাঘাটের উন্নয়ন ও জনগণের কল্যাণে নিজেকে পুরোপুরি আত্মনিয়োগ করব।’

তবে এলাকার কিছু বাসিন্দার মতে, আব্দুর রহমান একজন সফল ব্যবসায়ী ও পরোপকারী হলেও, জনপ্রতিনিধি হিসেবে নেতৃত্ব দেওয়ার বিষয়টি একেবারেই আলাদা। নির্বাচনে জয়-পরাজয় ও চেয়ারম্যান হিসেবে তার ভূমিকা কেমন হবে, তা ভবিষ্যতের ওপরই নির্ভর করছে।

উজিরপুরে ৯ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারি গ্রেপ্তার

স্বামীর জীবন বাঁচাতে স্ত্রীর কিডনি দান, আত্মত্যাগের অনন্য দৃষ্টান্ত

জিয়ানগরে অটোরিকশার চাপায় শিশুর মৃত্যু

বোরহানউদ্দিন পৌরসভায় চকলেট বোমা বিস্ফোরণ, সিসিটিভিতে ৩ মুখোশধারী

আইসিইউ চালুর দাবিতে ২৮ দিনের আন্দোলন শেষে অনশনে ভোলার যুবকরা

অনুমতি ছাড়াই ভোলা সরকারি স্কুল মাঠে বাণিজ্য মেলার আয়োজন

কুয়াকাটায় শেষ হলো রাস উৎসবের পুণ্যস্নান

বরিশালে ঝটিকা মিছিল, গোপন কর্মসূচিতে সক্রিয় আ.লীগ

বেকুটিয়া সেতুতে মোটরসাইকেল-ট্রলির সংঘর্ষে প্রাণ গেল ৩ যুবকের

শীত বাড়ার আগেই জমে উঠেছে লেপ-তোশকের বাজার