বরিশালের উজিরপুর উপজেলায় স্বামীর রহস্যজনক মৃত্যুর সঠিক তদন্ত ও প্রকৃত কারণ উদঘাটনের দাবিতে সংবাদ সম্মেলন করেছেন এক মাদ্রাসা শিক্ষিকা ও তার সন্তানরা।
শুক্রবার উপজেলার ডাকবাংলো এলাকায় নিজ ভাইয়ের বাসায় এ সংবাদ সম্মেলনের আয়োজন করেন বড়কোঠা ইউনিয়নের গাববাড়ি গ্রামের বাসিন্দা মাদ্রাসা শিক্ষিকা সারমিন আক্তার নিপা। এ সময় তার দুই পুত্র উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে সারমিন আক্তার নিপা অভিযোগ করেন, তার স্বামী মোহাম্মদ শাজাহান হাওলাদার সুমন (৪৪) গত ৬ এপ্রিল ঢাকার উত্তরখান এলাকায় নিজ বাসায় রহস্যজনকভাবে মারা যান।
তিনি জানান, ঘটনার দিন সকাল ১১টার দিকে তিনি ছোট ছেলে হামীম হোসাইন সানমুনকে নিয়ে শিক্ষা কার্যক্রম শেষে বাসায় ফিরে দরজা খোলা দেখতে পান। ভেতরে ঢুকে স্বামীকে ডাকাডাকি করেও কোনো সাড়া না পেয়ে কাছে গিয়ে দেখেন তিনি অচেতন অবস্থায় পড়ে আছেন। পরে প্রতিবেশীরা এসে তাকে মৃত ঘোষণা করেন।
সারমিন আক্তার নিপা আরও বলেন, হাসপাতালে নেওয়ার অনুরোধ জানানো হলেও স্থানীয়রা তাতে সাড়া দেননি এবং দ্রুত গোসল ও জানাজার ব্যবস্থা করেন।
বিষয়টি শাশুড়িকে জানালে তারা লাশ বাড়িতে নেওয়ার কথা বলেন। লাশ বাড়িতে আনার পর শাশুড়ি ও ননদের পক্ষ থেকে তার ও সন্তানদের ওপর হামলা চালানো হয় এবং মৃত্যুকে ঘিরে নানা সন্দেহ প্রকাশ করা হয়।
তিনি জানান, এ ঘটনায় তিনি থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। পরবর্তীতে পুলিশি প্রক্রিয়া শেষে লাশ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
সংবাদ সম্মেলনে তিনি দাবি করেন, তার স্বামী দীর্ঘদিন মাদকাসক্ত ছিলেন এবং বিভিন্ন সময় অসুস্থ হয়ে পড়তেন। এ নিয়ে পারিবারিক বিরোধও ছিল। তার অভিযোগ, তার অনুপস্থিতির সুযোগে স্বামীর মাদকসেবী বন্ধুদের কেউ এ ঘটনার সঙ্গে জড়িত থাকতে পারে।
তিনি স্বামীর মৃত্যুর প্রকৃত রহস্য উদঘাটনে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেন এবং তার বিরুদ্ধে অপপ্রচার ও ষড়যন্ত্রের তীব্র নিন্দা জানান।