খাগড়াছড়ির গুইমারার বড় পিলাক এলাকার ১০ বছর বয়সী শিশু ইউসুফ রানা হত্যা মামলার রায়ে একজনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে তাঁকে ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও চার মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।
বুধবার দুপুরে শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক ও স্পেশাল দায়রা জজ শায়লা শারমিন আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন। অভিযোগ প্রমাণিত না হওয়ায় অপর আসামি মো. রমজান আলীকে খালাস দেওয়া হয়।
রায়ে সন্তোষ প্রকাশ করে সরকারি কৌঁসুলি (পিপি) সৃজনী ত্রিপুরা জানান, ২০১৬ সালে খেলার সময় অপর এক শিশুর ডান হাতে ব্যথা পাওয়ার ঘটনাকে কেন্দ্র করে ভুক্তভোগী ইউসুফ রানাকে আসামিরা ধাওয়া করে জঙ্গলে নিয়ে যায়। সেখানে তাকে শ্বাসরোধ করে হত্যা করে লাশ শুকনো পাতা দিয়ে ঢেকে রাখে।
এ ঘটনায় শিশুটির বাবা সাজদার রহমান বাদী হয়ে অজ্ঞাতনামা দুজনসহ মোট ১১ জনের বিরুদ্ধে মামলা করেন।
পুলিশ তদন্ত শেষে দুজনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করে। মামলার বিচার চলাকালে বাদীসহ সাতজনের সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় আদালত এ রায় ঘোষণা করেন।