বিএনপির ভাইস চেয়ারম্যান ও ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর-বিজয়নগর) আসনের পাঁচবারের সংসদ সদস্য অ্যাডভোকেট হারুন আল রশীদের দাফন সম্পন্ন হয়েছে।
শনিবার বাদ জোহর শহরের সরকারি কলেজ মাঠে তৃতীয় জানাজা অনুষ্ঠিত হয়। জানাজার নামাজ পড়ান মৌলভীপাড়া জামে মসজিদের ইমাম মাওলানা মো. জাকারিয়া।
জানাজায় ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপি অর্থনৈতিক বিষয়ক সম্পাদক খালেদ হোসেন মাহবুব শ্যামল, ব্রাহ্মণবাড়িয়া-৫ আসনের সংসদ সদস্য এম.এ মান্নান, জেলা প্রশাসক মো. আবু সাঈদ, জেলা পরিষদ প্রশাসক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজ, সাবেক পৌর মেয়র হাফিজুর রহমান মোল্লা কচি, জেলা বিএনপির সহসভাপতি জহিরুল হক খোকন, যুগ্ম সম্পাদক মাইনুল হোসেন চপলসহ জেলা বিএনপি ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং নানা শ্রেণিপেশার মানুষ অংশ নেন।
জানাজা শেষে সর্বস্তরের মানুষ মরহুমের প্রতি ফুল দিয়ে শেষ বিদায় জানান। পরে শহরের শেরপুরে মায়ের কবরের পাশে মরহুমকে দাফন করা হয়।
জেডএম