হোম > সারা দেশ > চট্টগ্রাম

টেকনাফে মানবপাচারকারীদের আস্তানায় লাশ পাওয়ার খবর ‘গুজব’

যৌথবাহিনীর অভিযানে গুলি ও এনআইডি উদ্ধার

স্টাফ রিপোর্টার, কক্সবাজার

কক্সবাজারের সীমান্ত জনপদ টেকনাফের হ্নীলা ইউনিয়নের রঙ্গিখালীর গহীন পাহাড়ে মানবপাচারকারীদের আস্তানায় তিনজনের লাশ পড়ে থাকার গুজব ছড়িয়ে পড়লেও বাস্তবে তার কোনো সত্যতা মেলেনি। গুজবের ওই লাশ ও মানবপাচারকারীদের নতুন আস্তানার সন্ধানে পাহাড়ে যৌথ অভিযান চালিয়েছে সেনাবাহিনী, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন), এসআরবি ও পুলিশ।

শনিবার ছয়টার দিকে টেকনাফের হ্নীলা ইউনিয়নের নয়াপাড়া রেজিস্টার্ড রোহিঙ্গা ক্যাম্পের সি-ব্লক সংলগ্ন পাহাড়ে এই অভিযান চালানো হয়।

হ্নীলা রঙ্গীখালী আর্মি ক্যাম্পের ক্যাম্প কমান্ডার মেজর মাহবুবের নেতৃত্বে পরিচালিত এই অভিযানে সেনাবাহিনী, বিজিবির ৬৪ ব্যাটালিয়ন, এসআরবি-১৫ এর সদস্য, পুলিশ ও স্থানীয় লোকজন অংশ নেন।

অভিযান চলাকালে যৌথবাহিনীর সদস্যরা রোহিঙ্গা ক্যাম্প-২৪ এর আইওএম (IOM) হাসপাতালসংলগ্ন এলাকায় অবস্থান নেন। পাশাপাশি ড্রোনের সাহায্যে পাহাড়ি এলাকায় নিবিড় তল্লাশি ও নজরদারি চালানো হয়।

অন্যদিকে, একই দিন নয়াপাড়া রেজিস্টার্ড রোহিঙ্গা ক্যাম্পের পশ্চিম পাশে সেনাবাহিনী, এপিবিএন ও এসআরবির সমন্বয়ে ৩৫ সদস্যের আরেকটি দল সমান্তরাল অভিযান পরিচালনা করে। এ অভিযানেও ডাকাত দলের কোনো সন্দেহভাজন সদস্যকে আটক করা সম্ভব হয়নি। তবে মানবপাচারকারীদের ব্যবহৃত আস্তানা থেকে ছয় রাউন্ড গুলি, গুলির খালি খোসা, জাতীয় পরিচয়পত্র (এনআইডি), একটি ড্রাইভিং লাইসেন্স এবং রান্নাবান্নার কাজে ব্যবহৃত বিভিন্ন আসবাবপত্র ও সরঞ্জাম উদ্ধার করা হয়।

টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম জানান, শনিবার সকালে রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পসংলগ্ন পশ্চিম পাহাড়ে মানবপাচারকারীদের আস্তানার সন্ধানে যৌথবাহিনী অভিযান চালায়। অভিযানে কোনো মরদেহ পাওয়া যায়নি এবং কাউকে আটক করাও সম্ভব হয়নি।

তিনি আরও জানান, আপাতত আজকের মতো অভিযান শেষ করা হলেও সার্বিক পরিস্থিতি বিবেচনা করে প্রয়োজনে ভবিষ্যতেও এমন অভিযান পরিচালনা করা হবে।

উল্লেখ্য, গত ৪ নভেম্বর বিকেলে টেকনাফের হ্নীলা ইউনিয়নের রঙ্গীখালী পাহাড়ে মানবপাচারকারীদের আস্তানায় অভিযান চালানোর সময় সন্ত্রাসীদের গুলিতে সেনাবাহিনীর এক সদস্য নিহত হন। ওই ঘটনায় যৌথবাহিনী ৫৬ জন রোহিঙ্গা ও বাংলাদেশি জিম্মিকে উদ্ধার করে। একই সঙ্গে মানবপাচারকারী চক্রের ছয় সদস্যকে আটক করা হয়। ঘটনাস্থল থেকে একটি পিস্তল, একটি দেশীয় তৈরি বন্দুক ও চার রাউন্ড গুলিও উদ্ধার করা হয়েছিল।

উদ্ভাবনী শক্তি বৃদ্ধির লক্ষ্যে লক্ষ্মীপুরে বিজ্ঞান মেলা

টেকনাফে মানবপাচারকারী চক্রের আস্তানায় অভিযান শুরু

চাঁদপুরে ২৪ ঘণ্টায় কিশোর গ্যাংসহ আটক ৭৪

সন্দ্বীপে শিল্পাঞ্চল স্থাপনের লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত

শহীদ জিয়ার হাত ধরেই বাংলাদেশ পথ খুঁজে পেয়েছিল: চসিক প্রশাসক

জিয়াউর রহমানের ‘ম্রো কমপ্লেক্স’-এর স্মৃতি ছুঁয়ে চিম্বুকে সংহতি ও পরিচ্ছন্নতার মহোৎসব

লাকসাম-নোয়াখালী রেলপথ উন্নয়নে ৪০ কোটি টাকার প্রকল্প বাস্তবায়ন হবে: জনপ্রশাসন সচিব

মিয়ানমারে পাচারের সময় ১৫ টন সারসহ ট্রাক জব্দ, চালক আটক

খাগড়াছড়িতে বিআরটিসি বাসে আগুন

চট্টগ্রামে শিক্ষা সফরের বাস দুর্ঘটনায় প্রাণ গেল দুজনের, আহত ৩০