কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নাশকতার চেষ্টার প্রতিবাদে ফেনীর দাগনভূঞায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বিএনপি।
শুক্রবার বিকেলে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক মন্ত্রী আব্দুল আউয়াল মিন্টুর নেতৃত্বে বিক্ষোভ মিছিলটি দাগনভূঞা পৌর শহরের আতাতুর্ক স্কুল গেট থেকে শুরু হয়।
মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শহীদ মাসুদ চত্বরে গিয়ে শেষ হয়। পরে সেখানে সমাবেশে মিলিত হন বিএনপির নেতাকর্মীরা।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী আব্দুল আউয়াল মিন্টু বলেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কেউ কোথাও নাশকতার চেষ্টা করলে তাদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে তুলে দিতে হবে। তবে এ ক্ষেত্রে কেউ যেন আইন নিজের হাতে তুলে না নেন, সে বিষয়ে নেতাকর্মীদের সতর্ক করেন তিনি।
সমাবেশে আরও বক্তব্য দেন জেলা বিএনপির আহ্বায়ক শেখ ফরিদ বাহার ও সদস্যসচিব আলাল উদ্দিন আলাল।
এতে সভাপতিত্ব করেন দাগনভূঞা উপজেলা বিএনপির আহ্বায়ক আকবর হোসেন।