হোম > সারা দেশ > চট্টগ্রাম

সমাজসেবা অফিস ও ভূমি অফিসে আগুন, পুড়েছে গুরুত্বপূর্ণ নথি

জেলা প্রতিনিধি, খাগড়াছড়ি

পুড়ে গেছে গুরুত্বপূর্ণ নথি । ছবি: আমার দেশ

খাগড়াছড়ি সদর উপজেলা সমাজসেবা কার্যালয় এবং উপজেলা ভূমি অফিসের কানুনগো শাখার একটি কক্ষে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। বুধবার দিবাগত রাত আনুমানিক সোয়া ২টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে দুটি কক্ষের আসবাব, ফটোকপি মেশিনসহ বেশ কিছু গুরুত্বপূর্ণ নথি পুড়ে গেছে।

খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। প্রায় আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন ফায়ার সার্ভিসের কর্মীরা।

খাগড়াছড়ি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার মুকুল কুমার নাথ জানান, আগুন লাগার খবর পেয়ে রাত ২টা ৩৫ মিনিটের দিকে ফায়ার সার্ভিসের গাড়ি ঘটনাস্থলে পৌঁছায়। পরে আগুন নেভানোর কাজ শুরু করা হয়।

প্রায় আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এ ঘটনায় দুটি কক্ষের নথিসহ কয়েকটি আসবাব পুড়ে গেছে। আগুন লাগার প্রকৃত কারণ জানতে তদন্ত করা হচ্ছে।

সদর উপজেলা সমাজসেবা কর্মকর্তা চম্পক কান্তি চাকমা জানান, রাত পৌনে ৩টার দিকে অফিস কক্ষে আগুন লাগার খবর পেয়ে তিনি ঘটনাস্থলে যান। সেখানে গিয়ে ফায়ার সার্ভিসের কর্মীদের আগুন নিয়ন্ত্রণে কাজ করতে দেখেন। আগুনে ফটোকপি মেশিনসহ বেশ কিছু কাগজ পুড়ে গেছে।

তিনি আরও জানান, কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে অফিসের পেছনে একটি বোতল এবং কাগজে আগুন লাগানোর পর পুড়ে যাওয়া কাগজের অংশ পাওয়া গেছে বলে জানান তিনি।

খাগড়াছড়ি সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তাসনুভা ইসলাম জানান, রাতে আগুনে উপজেলা সমাজসেবা কার্যালয় এবং ভূমি অফিসের কানুনগো শাখার একটি কক্ষ ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে আগুন লাগার কারণ এখনো জানা যায়নি। তদন্তের মাধ্যমে আগুনের প্রকৃত কারণ উদ্‌ঘাটন করা সম্ভব হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

ঘটনাস্থল পরিদর্শন করেছেন খাগড়াছড়ির পুলিশ সুপার ও জেলা পরিষদের চেয়ারম্যান। অগ্নিকাণ্ডের ঘটনায় কোনো নাশকতা রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। তবে এ বিষয়ে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না।

এ ঘটনায় সরকারি দুই কার্যালয়ের গুরুত্বপূর্ণ নথিপত্র ও আসবাব পুড়ে যাওয়ায় সংশ্লিষ্ট দপ্তরগুলোতে ক্ষতির আশঙ্কা তৈরি হয়েছে।

এমএইচ

বাকলিয়ায় যুবককে নৃশংসভাবে হত্যা, গ্রেপ্তার ২

মিথ্যা ঘোষণায় সিগারেট তৈরির প্ল্যান্ট আমদানির চেষ্টা, মূল্য দেখানো হয়েছে ২৫ গুণ কম

উৎসবমুখর পরিবেশে আইইবি চট্টগ্রাম কেন্দ্রের ভোটগ্রহণ চলছে

চাটখিলে নিখোঁজের ৫ দিন পর শ্বশুরবাড়ি থেকে শ্রমিক দল নেতার লাশ উদ্ধার

ফেনীতে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে আহত অন্তত ১৫

সীতাকুণ্ড হাসপাতালে চিকিৎসাসেবার মানোন্নয়নে নানা উদ্যোগ

আটকের গুঞ্জনের মধ্যে নজরদারিতে পুলিশ কর্মকর্তা, জব্দ দুই ফোন

কুতুবদিয়ায় একদিনে পানিতে ডুবে ৩ শিশুর মৃত্যু

রেল খাতের দুর্নীতিবাজদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে হবে: আতিকুর রহমান

বিএনপি অফিসে আগুন দেওয়ার ঘটনায় গ্রেপ্তার ১১