দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেছেন, ভারি বর্ষণে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে রয়েছে সরকার। চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসন ও ভবিষ্যতে দুর্যোগ মোকাবিলায় খান পুনঃখনন ও পানি নিষ্কাশন ব্যবস্থার উন্নয়নে গুরুত্ব দিচ্ছে সরকার।
বুধবার সকালে চট্টগ্রাম নগরের হালিশহর ২৬ নম্বর ওয়ার্ড গলিচিপা পাড়া এলাকায় ভারি বর্ষণে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন এবং পরিবারের মাঝে ত্রাণ বিতরণকালে তিনি এসব কথা বলেন।
চট্টগ্রাম-১০ আসনের সংসদ সদস্য সাঈদ আল নোমান প্রধানমন্ত্রীর পক্ষে ওই ত্রাণ বিতরণের উদ্যোগ নেন।
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী বলেন, খাল ভরাট ও পানি প্রবাহে প্রতিবন্ধকতা সৃষ্টি হওয়ায় জলাবদ্ধতা তীব্র হচ্ছে। এ পরিস্থিতি মোকাবিলায় খাল পুনঃখননে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। প্রয়োজন হলে এ খাতে ত্রাণ মন্ত্রণালয় থেকেও বরাদ্দ দেওয়া হবে।
তিনি আরো জানান, ক্ষতিগ্রস্ত দুস্থ পরিবারের জন্য ওএমএস কার্যক্রম চালু এবং যাদের ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে, তাদের পুনর্নির্মাণেও সরকারি সহায়তা দেওয়ার উদ্যোগ নেওয়া হবে। প্রধানমন্ত্রী তারেক রহমান সার্বক্ষণিক চট্টগ্রামের পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন এবং ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে সরকার বদ্ধপরিকর।
অনুষ্ঠানে সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন, চট্টগ্রাম-১০ আসনের সংসদ সদস্য সাঈদ আল নোমান, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) চেয়ারম্যান প্রকৌশলী বেলায়েত হোসেন, চট্টগ্রাম জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিঞাসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
জেডএম