ডিসেম্বরে হাসিনার দেশে ফেরার ঘোষণার পর কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতারা আগরতলা সীমান্ত পরিদর্শনে আসার খবরে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দরে অবস্থান নিয়ে বিক্ষোভ করেছে বিএনপি।
বুধবার বিকেলে আখাউড়া উপজেলা বিএনপি এ কর্মসূচি পালন করে।
এর আগে দুপুরে আগরতলায় আসে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের একটি প্রতিনিধিদল। আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানকের নেতৃত্বে প্রতিনিধিদলে দলটির ৫-৭ জন জ্যেষ্ঠ নেতা রয়েছেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
বিকেলে আখাউড়া উপজেলা সদর থেকে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল নিয়ে আখাউড়া স্থলবন্দরে আসেন। এতে জেলা বিএনপির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম ও আখাউড়া উপজেলা বিএনপির সভাপতি জয়নাল আবেদীন আব্দুসহ দলের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন। পরে স্থলবন্দরে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে জেলা বিএনপির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম বলেন, ‘ব্রাহ্মণবাড়িয়া জেলার তিনটি সীমান্তবর্তী উপজেলা রয়েছে। আমরা খবর পেয়েছি, তিন উপজেলার যেকোনো একটি প্রবেশদ্বার দিয়ে জাহাঙ্গীর কবির নানকের নেতৃত্বে একটি দল নাশকতা করার জন্য প্রবেশ করার চেষ্টা করছে। কেন্দ্রীয় বিএনপির নির্দেশনা অনুসারে আমাদের নেতাকর্মীদের সতর্ক অবস্থানে থাকার জন্য বলেছি।’
এমই