কক্সবাজারে শুরু হচ্ছে দুই দিনের চলচ্চিত্র প্রদর্শনী। বুধবার দুপুর ১টায় শহীদ দৌলত ময়দানে কক্সবাজার ফিল্ম সোসাইটি আয়োজনে সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করা হয়।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন কক্সবাজার ফিল্ম সোসাইটির সাধারণ সম্পাদক ইয়াসির আরাফাত, যুগ্ম সাধারণ সম্পাদক জাহিন ফারুক আমিন, দফতর ও যোগাযোগ সম্পাদক ফরহাদ জামান জনি ও সদস্য আবদু রশিদ মানিক।
সংবাদ সম্মেলনে জানানো হয়, ৫ ও ৬ জুন (শুক্র ও শনিবার) কক্সবাজার পাবলিক লাইব্রেরির শহীদ সুভাষ হলে প্রতিদিন বিকেল ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত মোট ছয়টি চলচ্চিত্র প্রদর্শিত হবে।
প্রথম দিন ৫ জুন বিকেল ৩টায় প্রদর্শিত হবে মেজবাউর রহমান সুমন পরিচালিত আলোচিত চলচ্চিত্র ‘হাওয়া’। সন্ধ্যা ৬টায় প্রদর্শিত হবে শাহীন দিল-রিয়াজ পরিচালিত ‘রাকিব খান: দ্য প্রজেকশনিস্ট’, সন্ধ্যা ৭টায় দেখানো হবে মোহাম্মদ তৌকীর ইসলাম ও তার দলের নির্মিত চলচ্চিত্র ‘দেলুপি’।
দ্বিতীয় দিন বিকেল ৩টায় প্রদর্শিত হবে ধ্রুব হাসান পরিচালিত ‘ফাতিমা’। বিকেল সাড়ে ৫টায় থাকবে ফজলে রাব্বী পরিচালিত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘তাদাত্ম অন্বেষণ: দ্য ইটার্নাল জার্নি’ এবং সন্ধ্যা সাড়ে ৬টায় প্রদর্শিত হবে তানিম নূর পরিচালিত ‘বনলতা এক্সপ্রেস’।
যুগ্ম সাধারণ সম্পাদক জাহিন ফারুক আমিন জানান, প্রদর্শিত সব চলচ্চিত্রে ইংরেজি সাবটাইটেল থাকবে, ফলে দেশি-বিদেশি দর্শকরাও সহজে উপভোগ করতে পারবেন। প্রতিদিনের প্রবেশমূল্য নির্ধারণ করা হয়েছে ১০০ টাকা এবং শিক্ষার্থীদের জন্য ৫০ টাকা। অনলাইনের পাশাপাশি ভেন্যুতেও নিবন্ধনের ব্যবস্থা রাখা হবে।
সংবাদ সম্মেলনে সাধারণ সম্পাদক ইয়াসির আরাফাত বলেন, চলচ্চিত্র কেবল বিনোদনের মাধ্যম নয়, এটি সমাজ ও সংস্কৃতির গুরুত্বপূর্ণ অনুষঙ্গ। মুক্তচিন্তা ও সৃজনশীলতার বিকাশে চলচ্চিত্র প্রদর্শনী এবং চলচ্চিত্রচর্চার পরিবেশ নিশ্চিত করা প্রয়োজন।
তার মতে, ‘কক্সবাজার টকিজ’-এর মাধ্যমে কক্সবাজারে নিয়মিত চলচ্চিত্র প্রদর্শনী ও দর্শকভিত্তিক সাংস্কৃতিক আন্দোলনের নতুন সম্ভাবনা তৈরি হবে।
জেডএম