কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার অলিরবাজারে মুফতি গিয়াস উদ্দিন তাহেরীর আগমনকে কেন্দ্র করে উত্তেজনা সৃষ্টি হয়েছে। স্থানীয় হেফাজতে ইসলামের নেতাকর্মীদের প্রতিবাদের মুখে শেষ পর্যন্ত পূর্বনির্ধারিত মাহফিল বন্ধ করে দেওয়া হয়েছে।
শুক্রবার প্রশাসনের অনুমতি না থাকার কারণ দেখিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অনুষ্ঠানটি বন্ধ করে দেয়।
শুক্রবার দুপুরে অলিরবাজারে মাহফিলটি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে বৃহস্পতিবার থেকেই তাহেরীর আগমনের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ শুরু করেন হেফাজতে ইসলামের নেতাকর্মীরা। একই সঙ্গে তাহেরীকে অলিরবাজারে আসতে না দেওয়ার দাবিতে স্থানীয় প্রশাসনের কাছে দাবি জানান তারা।
হেফাজতে ইসলাম কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা শাখার সাধারণ সম্পাদক মুফতি ইয়াকুব আলী বলেন, প্রশাসনের অনুমতি ছাড়াই তাহেরীর মাহফিল আয়োজন করা হচ্ছিল। বিতর্কিত বক্তা গিয়াস উদ্দিন তাহেরীকে কোনোভাবেই অলিরবাজারে মাহফিল করতে দেওয়া হবে না। তিনি আসার চেষ্টা করলে পাল্টা কর্মসূচি দিয়ে তাঁকে প্রতিহত করবে হেফাজতে ইসলাম।
অন্যদিকে, তাহেরীর অনুসারী আমির হোসেন বলেন, ‘যেকোনো কিছুর বিনিময়ে তাহেরী হুজুরের প্রোগ্রাম করব।’
এ বিষয়ে কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার ওসি মোহাম্মদ রকিবুল ইসলাম জানান, প্রশাসনের অনুমতি না থাকায় অলিরবাজারে গিয়াস উদ্দিন তাহেরীকে মাহফিল করতে দেওয়া হচ্ছে না। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বর্তমানে এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।