কক্সবাজার সমুদ্রসৈকতে বন্ধুদের সঙ্গে গোসলে নেমে ভেসে যাওয়া তরুণ পর্যটক মোহাম্মদ আবীরের (১৮) লাশ পাওয়া গেছে। সোমবার সকাল ৬টার দিকে সৈকতের সমিতিপাড়া পয়েন্টে ওই যুবকের লাশ ভেসে ওঠে।
রোববার দুপুরে সৈকতের সি-গাল পয়েন্ট এলাকায় গোসলে নেমে ঢেউয়ের তীব্র স্রোতে ভেসে যান ওই পর্যটক।
সমুদ্রসৈকতে দায়িত্বরত সি সেইফ লাইফ গার্ডের কর্মকর্তা মোহাম্মদ ওসমান বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, লাশটি উদ্ধার করে সকাল ৯টার দিকে কক্সবাজার জেলা সদর হাসপাতালের মর্গে নিয়ে যাওয়া হয়েছে।
আবীর ঢাকার লালবাগ থানার শহীদনগর এলাকার ইলিয়াছ মুন্সির ছেলে। তিনি ঢাকার নিউমার্কেট এলাকার একটি ব্যবসাপ্রতিষ্ঠানের কর্মচারী।
আবীরের সঙ্গে কক্সবাজারে বেড়াতে আসা বন্ধু মোহাম্মদ ইমন সাংবাদিকদের জানিয়েছেন, রোববার সকালে তারা ৯ বন্ধু মিলে ঢাকা থেকে কক্সবাজারে এসে সি ল্যান্ড গেস্ট হাউস নামের একটি আবাসিক হোটেলে ওঠেন। পরে বেলা সাড়ে ১২টার দিকে সৈকতের সি-গাল পয়েন্টে গোসল করতে নামেন।
তার ভাষায়, রোববার সকালে আমরা ৯ বন্ধু ঢাকা থেকে কক্সবাজারে এসে একটি আবাসিক হোটেলে উঠি। পরে সি-গাল পয়েন্টে গোসল করতে নামলে একপর্যায়ে আবীরের হাত থেকে টিউবটি ঢেউয়ের তোড়ে বিচ্ছিন্ন হয়ে যায়। পাশে থাকা এক বন্ধু তাকে টেনে আনার চেষ্টা করলেও পারেনি। পরে প্রবল ঢেউয়ের টানে আবীর সাগরে ভেসে যায়।
তিনি বলেন, ঘটনার পর আমরা আশপাশের এলাকায় অনেক খোঁজাখুঁজি করেছি। পরে তার কোনো সন্ধান না পেয়ে লাইফ গার্ড ও ট্যুরিস্ট পুলিশকে বিষয়টি জানাই।
এদিকে ঘটনার পরপরই লাইফ গার্ড কর্মী, ট্যুরিস্ট পুলিশ এবং সংশ্লিষ্ট সংস্থাগুলো নিখোঁজ পর্যটকের সন্ধানে তৎপরতা শুরু করে।
লাইফ গার্ড কর্মকর্তা মোহাম্মদ ওসমান জানান, নিখোঁজের পর থেকেই ওই পর্যটককে উদ্ধারে সর্বোচ্চ চেষ্টা করা হয়েছে। ভোররাত পর্যন্ত তার কোনো খোঁজ পাওয়া যায়নি। সোমবার ভোর হলে সৈকতের সমিতিপাড়ার কুতুব বাজার পয়েন্টের বালিয়াড়িতে লাশ পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন তাদের খবর দেন।
ওসমান বলেন, লাশটি উদ্ধার করে সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সেরে লাশ আত্মীয়-পরিজনের কাছে হস্তান্তর করা হবে।
জেলা প্রশাসনের পর্যটন সেলের দায়িত্বপ্রাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদুর রহমান সায়েম বলেন, ঘটনার খবর পাওয়ার পর বিচকর্মী, ট্যুরিস্ট পুলিশ ও লাইফগার্ড সদস্যদের নিখোঁজ পর্যটকের সন্ধানে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল। পরে ওই পর্যটকের লাশ উদ্ধার হয়েছে।
এমএইচ