চট্টগ্রামের পটিয়ায় বিএনপি কার্যালয়ের তালা ভেঙে ঢুকে ফ্রেমবন্দী প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবি ভাঙচুরের অভিযোগ উঠেছে। মঙ্গলবার ভোরে উপজেলার ছনহরা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড বিএনপি কার্যালয়ে এ ঘটনা ঘটে। খবর পেয়ে পটিয়া থানা-পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
দুর্বৃত্তরা প্রধানমন্ত্রী তারেক রহমান, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া এবং চট্টগ্রাম-১২ (পটিয়া) আসনের সংসদ সদস্য এনামুল হক এনামের ছবিও ভাঙচুর করেছে বলে অভিযোগ করা হয়েছে। এ ঘটনায় ওয়ার্ড বিএনপির ইদ্রিস মিয়া বাদী হয়ে পটিয়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা গেছে, অজ্ঞাতনামা দুর্বৃত্তরা কার্যালয়ের দরজার তালা ভেঙে ভেতরে প্রবেশ করে। তারা অফিসে থাকা ছবির ফ্রেম ভাঙচুর করে। এ ছাড়া অফিসের প্লাস্টিকের চেয়ার ও টেবিল ভাঙচুর করার পাশাপাশি একটি স্ট্যান্ড ফ্যান, কয়েকটি প্লাস্টিকের চেয়ার এবং বেশ কিছু মূল্যবান কাগজপত্র নিয়ে যায়।
ছনহরা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি মো. ইদ্রিস জানান, গভীর রাতে দুর্বৃত্তরা বিএনপি অফিসের তালা ভেঙে তাণ্ডব চালায়। এ সময় অফিসে থাকা প্রধানমন্ত্রীর ছবি সংবলিত একটি ফ্রেমও ভেঙে ফেলা হয়। এ ঘটনায় বিএনপির নেতাকর্মীরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।
এ বিষয়ে পটিয়া উপজেলা বিএনপির সাবেক সদস্যসচিব খোরশেদ আলম জানান, গভীর রাতে দুর্বৃত্তরা বিএনপির কার্যালয়ে ঢুকে ভাঙচুর করেছে বলে তিনিও খবর পেয়েছেন। তিনি এ ঘটনার নিন্দা জানান।
পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল হক জানান, বিএনপি অফিসে তালা ভেঙে ঢুকে দুর্বৃত্তরা ভাঙচুর করেছে। তবে প্রধানমন্ত্রীর ছবি ভাঙচুরের কোনো আলামত পাওয়া যায়নি। খবর পাওয়ার পরপরই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।