কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের চকরিয়া এলাকায় যাত্রীবাহী নোয়াহ গাড়ির (মাইক্রোবাস) সঙ্গে তিন আরোহী বহনকারী একটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এতে ঘটনাস্থলেই প্রাণ হারিয়েছেন মোটরসাইকেলের চালক।
এ সময় গুরুতর আহত হয়েছেন নিহতের ছোট ভাইসহ অপর দুই আরোহী। তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
রোববার (২৮ জুন) সকাল সাড়ে ৮টার দিকে মহাসড়কের চকরিয়ার বরইতলী ইউনিয়নের মোজাহেরপাড়ার রাস্তার মাথায় আমিনের দোকানসংলগ্ন স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মোটরসাইকেল আরোহীর নাম মো. মাহবুব আলম (২৫)। তিনি মোজাহেরপাড়ার মৃত আবুল কালামের ছেলে। আহতরা হলেন নিহতের ছোট ভাই মো. সাহেদ ও মো. রাসেল।
স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, সড়কের বাঁকে ঝুঁকিপূর্ণ স্থানে লাকড়ি স্তূপ করে রাখার কারণে বিপরীত দিক থেকে আসা যানবাহন স্পষ্টভাবে দেখা যাচ্ছিল না। এ কারণেই দুর্ঘটনাটি ঘটেছে বলে তাদের ধারণা।
এ ব্যাপারে মহাসড়কের চকরিয়ার বানিয়ারছড়াস্থ চিরিঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুল আমিন জানান, খবর পেয়ে স্থানীয়দের সহায়তায় হতাহতদের উদ্ধার করা হয়েছে।
তিনি জানান, দুর্ঘটনাকবলিত যানবাহন দুটি জব্দ করা হয়েছে। পরে মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক করা হয়।
এ ঘটনায় আইনগত পদক্ষেপ গ্রহণ শেষে নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলেও জানান তিনি।