হোম > সারা দেশ > চট্টগ্রাম

৫৩ স্টেশন বন্ধ, কোনোটি অচল ২৫ বছর

জমির উদ্দিন, চট্টগ্রাম

রেলপথে ট্রেন চলাচল অব্যাহত থাকলেও রেলওয়ের পূর্বাঞ্চলের একের পর এক স্টেশনের কার্যক্রম বছরের পর বছর ধরে বন্ধ হয়ে আছে। কোথাও টিকিট বিক্রি বন্ধ, কোথাও নেই স্টেশন মাস্টার। আবার কোথাও পয়েন্ট পরিচালনার দায়িত্বে কেউ নেই। জনবল সংকটের কারণে কোনো কোনো স্টেশন প্রায় ২৫ বছর ধরে অচল রয়েছে।

রেলওয়ে পূর্বাঞ্চলের সবশেষ প্রকাশিত তথ্য অনুযায়ী এ অঞ্চলের ১৭০ স্টেশনের মধ্যে ৫৩টি বন্ধ। এর মধ্যে ৫১টি পুরোপুরি এবং দুটি আংশিক বন্ধ রয়েছে। চট্টগ্রাম বিভাগে বন্ধ রয়েছে ১৯টি এবং ঢাকা বিভাগে ৩৪ স্টেশন।

পূর্বাঞ্চলের প্রধান পরিবহন কর্মকর্তা সফিকুর রহমান জানান, স্টেশন মাস্টার, সহকারী স্টেশন মাস্টার ও পয়েন্টসম্যান সংকটের কারণে এসব স্টেশন চালু রাখা সম্ভব হচ্ছে না। দীর্ঘদিন নিয়োগ না হওয়ায় অবসরে যাওয়া কর্মীদের শূন্যপদ পূরণ হয়নি। ফলে যেসব স্টেশনে এক সময় যাত্রী ওঠানামা, টিকিট বিক্রি ও ট্রেন পরিচালনার বিভিন্ন কার্যক্রম চলত, এখন সেগুলো বন্ধ হয়ে গেছে।

তবে স্টেশন বন্ধ হলেও সংশ্লিষ্ট রেলপথে ট্রেন চলাচল বন্ধ হয়নি। এতে স্থানীয় যাত্রীরা স্টেশনভিত্তিক সেবা থেকে বঞ্চিত হচ্ছেন। পাশাপাশি ট্রেন পরিচালনায়ও বাড়তি জটিলতা তৈরি হচ্ছে।

পূর্বাঞ্চল রেলের আওতায় চট্টগ্রাম ও ঢাকা—এ দুই বিভাগ রয়েছে। সবশেষ হিসাব অনুযায়ী চট্টগ্রাম বিভাগের ১৯টি বন্ধ স্টেশনের মধ্যে রয়েছে বাড়বকুণ্ড, বারৈয়াঢালা, মিরসরাই, মস্তাননগর, মুহুরীগঞ্জ, কালিদহ, শশদী, নাওটি, আলীশহর, ময়নামতি, ঝাউতলা, সরকারহাট, কাঞ্চননগর, ধলঘাট, দৌলতগঞ্জ, খিলা, বজরা, শাহাতলী ও চিতোষী রোড।

এসব স্টেশনের অধিকাংশ ঢাকা-চট্টগ্রাম, চট্টগ্রাম-নাজিরহাট, লাকসাম-নোয়াখালী এবং লাকসাম-চাঁদপুর রেলপথের বিভিন্ন অংশে অবস্থিত। কোনোটি প্রধান রেলপথে, আবার কোনোটি শাখা রেলপথে। দীর্ঘদিন ধরে বন্ধ থাকায় সংশ্লিষ্ট এলাকার যাত্রীরা স্থানীয় স্টেশন থেকে রেলসেবা পাওয়ার সুযোগ হারাচ্ছেন। ঢাকা বিভাগের ৩৪ স্টেশনের মধ্যে ৩২টি পুরোপুরি এবং দুটি আংশিক বন্ধ।

ধাপে ধাপে বন্ধ স্টেশন

খোঁজ নিয়ে জানা গেছে, পূর্বাঞ্চল রেলে স্টেশন বন্ধ হওয়ার ইতিহাস অন্তত ২০০১ সাল পর্যন্ত বিস্তৃত। ওই বছর থেকে পর্যায়ক্রমে স্টেশন বন্ধ হতে শুরু করে। নথিপত্র অনুযায়ী ২০০১ সালে একটি, ২০০৩ সালে একটি, ২০০৮ সালে একটি, ২০০৯ সালে পাঁচটি, ২০১০ সালে ছয়টি, ২০১১ সালে পাঁচটি, ২০১৩ সালে ছয়টি, ২০১৪ সালে চারটি, ২০১৭ সালে একটি, ২০১৮ সালে দুটি, ২০১৯ সালে দুটি, ২০২০ সালে তিনটি, ২০২১ সালে দুটি এবং ২০২২ সালে সাতটি স্টেশনের কার্যক্রম বন্ধ করা হয়।

সংশ্লিষ্টদের মতে, এক-দুবছরের নয়, দীর্ঘ সময় ধরে চলা জনবল ও ব্যবস্থাপনাগত সংকটের ফলেই ধাপে ধাপে স্টেশনগুলো বন্ধ হয়েছে।

দীর্ঘদিন ধরে বন্ধ থাকা স্টেশনগুলোর মধ্যে মস্তাননগর অন্যতম। ২০০১ সালে এর কার্যক্রম বন্ধ করা হয়। সে হিসাবে প্রায় ২৫ বছর ধরে স্টেশনটি অচল। লস্করপুর স্টেশন ২০০৩ সালের ২৬ জুলাই বন্ধ করা হয়, যা দুই দশকের বেশি সময় ধরে অচল রয়েছে। চট্টগ্রামের ভাটিয়ারী স্টেশন ২০১২ সালের মে মাসে এবং চট্টগ্রাম-নাজিরহাট রেলপথের ঝাউতলা স্টেশন ২০২২ সালের অক্টোবরে বন্ধ করা হয়।

গুরুত্বপূর্ণ পদে সংকট

রেলওয়ে কর্মকর্তারা জানান, স্টেশন পরিচালনায় স্টেশন মাস্টার, সহকারী স্টেশন মাস্টার ও পয়েন্টসম্যান গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে থাকেন। ট্রেনের আগমন-প্রস্থান, সিগন্যাল, পয়েন্ট পরিচালনা, ক্রসিং এবং স্টেশনভিত্তিক অন্যান্য কার্যক্রম তাদের ওপর নির্ভরশীল।

কিন্তু দীর্ঘদিন নিয়োগ না হওয়ায় অনেক স্টেশনে এসব পদ শূন্য হয়ে পড়েছে। অবসরে যাওয়া কর্মীদের জায়গায় নতুন নিয়োগ বা অন্য স্টেশন থেকে বদলি করা হয়নি। ফলে এক পর্যায়ে প্রয়োজনীয় জনবল না থাকায় স্টেশন পরিচালনা বন্ধ হয়ে যায়।

বন্ধ স্টেশনগুলো চালুর জন্য পূর্বাঞ্চল রেলে তিন ধাপের পরিকল্পনা নেওয়া হয়েছিল। প্রথম ধাপে ২১, দ্বিতীয় ধাপে ১৯ এবং তৃতীয় ধাপে আটটি স্টেশন চালুর কথা থাকলেও চলতি বছরের সেপ্টেম্বর পর্যন্ত ৫৩ স্টেশনই বন্ধ রয়েছে।

ধীরগতিতে ট্রেন, বাড়ছে সময়

স্টেশন বন্ধ থাকলেও রেলপথে ট্রেন চলাচল অব্যাহত রয়েছে। তবে বন্ধ স্টেশনের সিগন্যাল ও পয়েন্ট ব্যবস্থাপনা কীভাবে পরিচালিত হচ্ছে—তা নিয়ে প্রশ্ন রয়েছে।

রেলওয়ে কর্মকর্তারা জানান, বন্ধ স্টেশন অতিক্রমের সময় ট্রেনের গতি ঘণ্টায় ১৬ কিলোমিটারে নামিয়ে আনতে হয়। এতে একটি স্টেশন পার হতে প্রায় পাঁচ মিনিট অতিরিক্ত সময় লাগে। ঢাকা-চট্টগ্রাম রেলপথে ১৪টি বন্ধ স্টেশনের কারণে একটি ট্রেনের যাত্রায় প্রায় এক ঘণ্টা অতিরিক্ত সময় যুক্ত হয়।

পূর্বাঞ্চলের সাবেক বিভাগীয় পরিবহন কর্মকর্তা ওমর ফারুক বলেন, একটি রেলস্টেশন শুধু ট্রেন থামার স্থান নয়; এটি আশপাশের মানুষের যাতায়াত, পণ্য পরিবহন ও যোগাযোগের গুরুত্বপূর্ণ কেন্দ্র। বিশেষ করে উপজেলা, ইউনিয়ন ও গ্রামীণ এলাকার মানুষের জন্য স্থানীয় স্টেশন ব্যবহার সহজ ও তুলনামূলক সাশ্রয়ী। স্টেশন বন্ধ হয়ে গেলে তাদের অন্য স্টেশনে যেতে হয়।

তিনি বলেন, এতে যাত্রীদের বাড়তি সময় ও অর্থ ব্যয় হয়। নিয়মিত টিকিট কেনা, স্টেশন থেকে তথ্য পাওয়া এবং ট্রেনের সময়সূচি জানার সুযোগও কমে যায়। একইসঙ্গে টিকিট বিক্রি, স্থানীয় যাত্রীসেবা ও স্টেশনভিত্তিক অন্যান্য কার্যক্রম বন্ধ থাকায় রেলওয়ের আয়ও ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে।

লক্ষ্মীপুরে দুপুরে ৩১ বিএনপি নেতার পদত্যাগ, রাতে ভিডিও বার্তায় প্রত্যাহার

ফেনীতে পুলিশ সুপারের পর বদলি হলেন দুই থানার ওসি

বিএম কলেজের নতুন অধ্যক্ষ মাহমুদুল ইসলাম

দেশের সর্ববৃহৎ সৌরবিদ্যুৎকেন্দ্র হচ্ছে ফেনীতে

চাঁদা না পেয়ে হত্যার হুমকি, ‘আজ বিল্ডিংয়ে গুলি করেছি, কাল তোর শরীরে করব’

ফেনীতে বিএনপি নেতার নেতৃত্বে প্রবাসীর বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাট, আহত ৪

বাঁশখালীতে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও যুবলীগের দুই ক্যাডার আটক

ঠিকাদারের অবহেলায় সড়ক সংস্কার ও কালভার্ট নির্মাণকাজ বন্ধ, চরম দুর্ভোগে মানুষ

নারী কেলেঙ্কারিতে অভিযুক্ত নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার, ক্ষোভে বিএনপির ৩১ নেতার পদত্যাগ

কেরানীগঞ্জের বিশেষ কারাগারে পাঠানো হল চিন্ময়কে