দেশের একমাত্র সমুদ্র শহর কক্সবাজারে ভোটগ্রহণ শুরু হয়েছে। বৃহস্পতিবার (১২ জানুয়ারি) সকাল সাড়ে ৭টায় ভোটগ্রহণ শুরু হয়। এ সময় পেকুয়ার জি এম সি ইনস্টিটিউটে ভোট দিয়েছেন কক্সবাজার-১ আসনে বিএনপির প্রার্থী সালাউদ্দিন আহমদ
কক্সবাজার জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. আ. মান্নান বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানিয়েছেন, জেলার ৯টি উপজেলায় ৫৯৮ কেন্দ্রে একযোগে ভোট গ্রহণ শুরু হয়েছে। এবারের ভোটে ১৮ লাখ ৪৯ হাজার ৩৫৭ জন ভোটাধিকার প্রয়োগ করবেন।
সূত্র বলছে, ৫৯৮টি ভোটকেন্দ্রের ৩ হাজার ৬৮৯টি কক্ষে ভোটগ্রহণ হচ্ছে। এই কাজে ১২ হাজার ২৫১ জন ভোটগ্রহণ কর্মকর্তা দায়িত্ব পালন করছেন।
জেলা প্রশাসক মান্নান বলেন, কক্সবাজারে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে। সীমান্ত ও উপকূলীয় এলাকা এবং রোহিঙ্গা ক্যাম্প থাকায় জেলাটি স্পর্শকাতর হিসেবে বিবেচিত হওয়ায় বাড়তি সতর্কতা নেয়া হয়েছে।
রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রমতে, জেলায় মোট ১৩ হাজার ৪৯৯ জন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য দায়িত্ব পালন করছেন। এদের মধ্যে ২ হাজার ১৬৬ জন সেনা সদস্য, ৮৮০ জন বিজিবি সদস্য, ৩৯৯ জন নৌবাহিনী সদস্য, ৫০ জন বিমান বাহিনী সদস্য, ১৪৫ জন কোস্টগার্ড সদস্য, ৮০ জন র্যাব সদস্য, ১৯০ জন আনসার ব্যাটালিয়ন সদস্য ও ১ হাজার ৮১৫ জন পুলিশ সদস্য রয়েছেন। এছাড়াও ৭ হাজার ৭৭৪ জন আনসার ও ভিডিপি সদস্য ভোটকেন্দ্রে দায়িত্বে রয়েছেন। প্রতি কেন্দ্রে ১৩ জন করে আনসার সদস্য নিয়োজিত আছেন।
অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. শহিদুল ইসলাম জানান, ৩৪ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ৯ জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটও মাঠে দায়িত্ব পালন করছেন।
জেলা নির্বাচন কর্মকর্তা মো. আ. আজিজ বলেন, কক্সবাজারের চারটি সংসদীয় আসনে ৫৯৮টি ভোটকেন্দ্রের ৩ হাজার ৬৮৯টি কক্ষে ১২ হাজার ২৫১ জন ভোটগ্রহণ কর্মকর্তা দায়িত্ব পালন করছেন।
তিনি জানান, ৪ হাজার ৫০৩ জন প্রিসাইডিং ও সহকারী প্রিসাইডিং অফিসার এবং ৭ হাজার ৭৪৮ জন পোলিং অফিসার দায়িত্বে রয়েছেন।