ফেনীর সোনাগাজীতে বিএনপি নেতার নেতৃত্বে পর্তুগাল প্রবাসীর বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। এ ঘটনায় প্রবাসীর বৃদ্ধা মা হাসিনা বেগম, ভাই ইকবাল হোসেন, নবাবপুর বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক সুলতান বাহাদুর ও স্থানীয় বাসিন্দা তানভীর আহমেদসহ চারজন আহত হয়েছেন।
সোমবার সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ দায়েরের জন্য প্রবাসীর স্বজনরা সোনাগাজী মডেল থানায় অবস্থান করছিলেন।
এর আগে রোববার রাতে জেলার সোনাগাজী উপজেলার নবাবপুর ইউনিয়নের সুলতানপুর গ্রামের মনির আহমেদ সওদাগরের বাড়িতে এ ঘটনা ঘটে।
অভিযোগ অনুযায়ী, হামলাকারীদের মধ্যে তিনজনকে স্থানীয়রা আটক করলেও ফেনী সদর উপজেলার ফাজিলপুর ইউনিয়ন বিএনপির সভাপতি শাহজাহান সিরাজের নেতৃত্বে শতাধিক লোকজন পাল্টা হামলা চালিয়ে তাদের ছিনিয়ে নিয়ে যায়।
পুলিশ, ক্ষতিগ্রস্ত পরিবার ও এলাকাবাসী সূত্রে জানা যায়, পর্তুগাল প্রবাসী এমলি খান সবুজ ও শাহজাহান সিরাজের মধ্যে পর্তুগালের ভিসা নিয়ে এক বছর ধরে বিরোধ চলছিল। এ বিরোধের জেরে শাহজাহান সিরাজের ছেলে সাখাওয়াত হোসেন শুভর নেতৃত্বে ২০-২৫ জনের একটি দল পর্তুগাল প্রবাসী এমলি খানের বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাট চালায়।
একপর্যায়ে তারা ওই প্রবাসীর ঘরে থাকা সাড়ে ১৬ ভরি স্বর্ণালংকার ও নগদ ২ লাখ ৫০ হাজার টাকা লুট করে নিয়ে যায়। এ সময় তাঁদের চিৎকার শুনে স্থানীয়রা ছুটে এসে সাখাওয়াত হোসেন শুভ, তাঁর সহযোগী পুলক ও ইকবাল হোসেনকে আটক করেন।
এ খবর পেয়ে ফাজিলপুর ইউনিয়ন বিএনপি নেতা শাহজাহান সিরাজের নেতৃত্বে শতাধিক লোকজন পাল্টা হামলা চালিয়ে স্থানীয়দের হাতে আটক তিনজনকে ছিনিয়ে নিয়ে যায় বলে জানা গেছে।
তবে এসব অভিযোগ অস্বীকার করে বিএনপি নেতা শাহজাহান সিরাজ বলেন, আমার দুই ছেলেকে পর্তুগাল পাঠানোর জন্য এক বছর আগে ২০ লাখ টাকা দিয়েছিলাম। সেই টাকা চাইতে গিয়ে আমার ছেলে ও তার দুই বন্ধু আহত হন। খবর পেয়ে পিতা হিসেবে আমি আমার দুই ছেলেকে ছাড়িয়ে এনেছি।
সোনাগাজী মডেল থানার ওসি মোহাম্মদ আবুল হাসিম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যাওয়ার আগেই আটক ব্যক্তিদের নিয়ে যাওয়া হয়েছে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।