চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার কাঞ্চননগর ইউনিয়নের তেমহনী বাজারে দোকানে বসা অবস্থায় নুরুল আবছার চৌধুরী (৪০) নামের এক ফার্নিচার ব্যবসায়ীকে লক্ষ্য করে চার রাউন্ড গুলি ছুড়েছে দুর্বৃত্তরা।
রোববার সন্ধ্যা ৭টার দিকে এ ঘটনা ঘটে। গুলিতে আহত ওই ব্যবসায়ীকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, তিনজন দুর্বৃত্ত একটি মোটরসাইকেলে করে তেমহনী বাজারে আসে এবং দোকানে বসা অবস্থায় নুরুল আবছার চৌধুরীকে লক্ষ্য করে পরপর চার রাউন্ড গুলি ছুড়ে পালিয়ে যায়।
ঘটনার পর স্থানীয়রা আহত অবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে অবস্থার উন্নতি না হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন।
এ হামলার কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
ফটিকছড়ি থানার ওসি রবিউল আলম খান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। ঘটনার কারণ অনুসন্ধানে কাজ চলছে এবং তদন্ত শেষে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।