কুমিল্লার দাউদকান্দিতে হত্যাচেষ্টা মামলায় দুই আসামির জামিন আবেদন নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।
আসামিরা হলেন দাউদকান্দির ১৪ নম্বর গোয়ালমারী ইউনিয়ন বিএনপির সভাপতি মো. মিজানুর রহমান প্রধান এবং ইউনিয়ন শ্রমিক দলনেতা মো. সোহেল মিয়া ওরফে মো. হোসেন।
আদালত সূত্রে জানা যায়, গোয়ালমারী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা কৃষকদলের আহ্বায়ক আহাম্মদ হোসেন তালুকদারকে হত্যার উদ্দেশ্যে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর জখম করে আসামিরা। এ ঘটনায় ২০২৫ সালের ৪ জুলাই দাউদকান্দি মডেল থানায় মামলাটি দায়ের করেন তার ছোট ভাই মো. শাহাদাত হোসেন তালুকদার। মামলায় ২৩ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ১০-১৫ জনকে আসামি করা হয়।
মামলার ১ ও ২ নম্বর আসামি মিজানুর রহমান প্রধান ও সোহেল মিয়া গত বছরের ১৭ সেপ্টেম্বর হাইকোর্ট থেকে ছয় সপ্তাহের আগাম জামিন নেন। কিন্তু নির্ধারিত সময় শেষে নিম্ন আদালতে আত্মসমর্পণ না করে তারা দীর্ঘদিন পলাতক ছিলেন। মঙ্গলবার তারা কুমিল্লার অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির হয়ে জামিন আবেদন করেন।
শুনানিতে বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট মো. রাসেল আহমেদ (রাফি) আসামিদের বিরুদ্ধে থাকা দণ্ডবিধির ৩২৬ ও ৩০৭ ধারার গুরুতর অভিযোগ এবং হাইকোর্টের আদেশ অমান্য করার বিষয়টি আদালতের নজরে আনেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালতের বিচারক মো. ফরহাদ রায়হান ভূঁইয়া জামিন নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।
এমই