হোম > সারা দেশ > চট্টগ্রাম

বাউন্ডারি ওয়াল নির্মাণের নামে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ও বাঙালিদের ৪০ বছরের চলাচলের পথ বন্ধের পাঁয়তারা

উপজেলা প্রতিনিধি, লামা (বান্দরবান)

বান্দরবানের লামা সদর ইউনিয়নের পশ্চিম মধুঝিরি এলাকার তিনটি ক্ষুদ্র নৃ-গোষ্ঠী পাড়া ও একটি বাঙালি গ্রামের মানুষের দীর্ঘ ৪০ বছরের চলাচলের রাস্তা বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি) কর্তৃপক্ষের বাউন্ডারি ওয়াল নির্মাণকে কেন্দ্র করে এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে বলে অভিযোগ স্থানীয়দের। এতে ওই এলাকার ২৩০টি পরিবার এবং প্রতিদিন যাতায়াতকারী শত শত পর্যটক চরম দুর্ভোগের সম্মুখীন হওয়ার আশঙ্কা করছেন ভুক্তভোগীরা। বিশেষ করে স্কুলগামী শিক্ষার্থী ও রোগীদের চলাচলে মারাত্মক সমস্যা সৃষ্টি হতে পারে। শুধু তাই নয়, বাউন্ডারি ওয়াল নির্মাণ করা হলে বর্ষা মৌসুমে উজান থেকে নেমে আসা পানির স্রোতে পাশের কয়েকটি ঘরবাড়িও ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে। তাই বর্তমানে যে স্থানে রাস্তা রয়েছে, সেটি উন্মুক্ত রেখে পাশ ঘেঁষে বাউন্ডারি ওয়াল নির্মাণের দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা।

অভিযোগ সূত্রে জানা যায়, লামা সদর ইউনিয়নের পশ্চিম মধুঝিরি নামের গ্রামটি লামা পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের শেষ সীমানা এবং লামা সদর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডে অবস্থিত। এ গ্রামের আশপাশে তিনটি ম্রো ও একটি ত্রিপুরা পাড়াসহ একটি বাঙালি গ্রামে প্রায় ২৩০টি পরিবার বসবাস করছে। এসব পরিবারের সদস্যরা বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের (বিএডিসি) জায়গার পাশে প্রায় ৪০ বছর আগে স্থাপিত একটি রাস্তা দিয়ে চলাচল করে আসছেন। এ রাস্তা ছাড়া তাদের চলাচলের আর কোনো বিকল্প পথ নেই। এলাকাটির পর্যটন গুরুত্ব থাকায় প্রতিদিন শত শত পর্যটকও এ রাস্তা দিয়ে যাতায়াত করেন। ফলে রাস্তাটি শুধু স্থানীয় বাসিন্দাদের জন্য নয়, পর্যটকদের চলাচলের জন্যও অত্যন্ত গুরুত্বপূর্ণ।

সম্প্রতি বিএডিসি কর্তৃপক্ষ ওই রাস্তার কিছু অংশে বাউন্ডারি ওয়াল নির্মাণকাজ শুরু করেছে। স্থানীয়দের অভিযোগ, এ ওয়াল নির্মাণ করা হলে দীর্ঘদিনের চলাচলের পথটি বন্ধ হয়ে যাবে। এতে শিক্ষার্থী, কর্মজীবী মানুষ, রোগীসহ জরুরি প্রয়োজনে যাতায়াতকারীরা চরম দুর্ভোগে পড়বেন।

সরেজমিনে গেলে নুনারবিল মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী ইশরাত জাহান এ্যানি, লামা আদর্শ বালিকা বিদ্যালয়ের সোমাইয়া এবং লাইনঝিরি ইসলামিয়া দাখিল মাদ্রাসার মরিয়ম বেগম জানায়, ‘আমাদের গ্রামের এ রাস্তা ছাড়া চলাচলের আর কোনো বিকল্প নেই। গ্রামের ঝিরির অংশে বাউন্ডারি ওয়াল নির্মাণ করা হলে আমরা কীভাবে স্কুলে যাব? আমাদের স্কুলে যাওয়া বন্ধ হয়ে যাবে। তাই বিএডিসি কর্তৃপক্ষের কাছে রাস্তাটি উন্মুক্ত রাখার দাবি জানাচ্ছি।’

এ বিষয়ে গ্রামের মুরুব্বি নুর উদ্দিন, মনির উদ্দিন, লাংগি মুরুং, নারী নেত্রী জহুরা বেগম ও মো. শামীম মিয়াসহ আরও অনেকে জানান, পশ্চিম মধুঝিরি রাস্তাটি তাদের বহু বছরের চলাচলের পথ। এ রাস্তা দিয়ে দুই শতাধিক পরিবারের মানুষ নিয়মিত যাতায়াত করেন। হঠাৎ রাস্তার মাঝখানে ইটের বাউন্ডারি ওয়াল নির্মাণ শুরু করেছে বিএডিসি কর্তৃপক্ষ। ওয়াল নির্মাণ করা হলে তারা অবরুদ্ধ হয়ে পড়বেন। স্থানীয়দের চলাচলের জন্য ওই রাস্তা ছাড়া বিকল্প কোনো পথও নেই। তাই রাস্তাটি বর্তমানে যে অবস্থায় রয়েছে, সে অবস্থায়ই রাখার দাবি জানান তারা।

ঘটনার সত্যতা নিশ্চিত করে লামা সদর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. শহীদুল ইসলাম জানান, পশ্চিম মধুঝিরি রাস্তাটি দীর্ঘ ৪০ বছরের পুরোনো। বাউন্ডারি ওয়াল নির্মাণ করা হলে রাস্তাটি বন্ধ হয়ে যাবে। এতে ২৩০টি পরিবারের মানুষ অবরুদ্ধ হয়ে পড়বেন। তাই বর্তমান চলাচলের রাস্তাটি বন্ধ না করে উন্মুক্ত রেখে পাশ ঘেঁষে বাউন্ডারি ওয়াল নির্মাণের জন্য বিএডিসি কর্তৃপক্ষকে অনুরোধ জানিয়েছিলেন তিনি।

এদিকে বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের উপপরিচালক জালাল আহমদ জানিয়েছেন, বাউন্ডারি ওয়াল নির্মাণ করা হলেও রাস্তা বন্ধ হবে না, বরং কিছুটা বাঁকা হবে। এতে জনসাধারণের কোনো সমস্যা হবে না। তাছাড়া রাস্তা সোজা রাখতে হলে বিএডিসির কিছু জায়গা বেহাত হয়ে যাবে। সরকারি সম্পত্তি রক্ষার দায়িত্ব সবার। জায়গা ছেড়ে দিয়ে বাউন্ডারি ওয়াল নির্মাণ করা সম্ভব নয়। জায়গা ছাড়তে হলে মন্ত্রণালয়ের অনুমতি প্রয়োজন বলেও জানান এ কর্মকর্তা।

সৌদিতে সড়ক দুর্ঘটনায় নিহত সাতজনই চকরিয়ার বাসিন্দা

সরাইলে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

লক্ষ্মীপুর জেলা জামায়াতের আমির পদে পরিবর্তন, দায়িত্বে হাফিজ উল্লাহ

টেকনাফে মানবপাচারকারীদের আস্তানায় লাশ পাওয়ার খবর ‘গুজব’

উদ্ভাবনী শক্তি বৃদ্ধির লক্ষ্যে লক্ষ্মীপুরে বিজ্ঞান মেলা

টেকনাফে মানবপাচারকারী চক্রের আস্তানায় অভিযান শুরু

চাঁদপুরে ২৪ ঘণ্টায় কিশোর গ্যাংসহ আটক ৭৪

সন্দ্বীপে শিল্পাঞ্চল স্থাপনের লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত

শহীদ জিয়ার হাত ধরেই বাংলাদেশ পথ খুঁজে পেয়েছিল: চসিক প্রশাসক

জিয়াউর রহমানের ‘ম্রো কমপ্লেক্স’-এর স্মৃতি ছুঁয়ে চিম্বুকে সংহতি ও পরিচ্ছন্নতার মহোৎসব