কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প-৮ ইস্ট এলাকায় বিশেষ অভিযান চালিয়ে মাটির নিচে পুঁতে রাখা একটি ওয়ান শুটারগান ও দুই রাউন্ড তাজা গুলি উদ্ধার করেছে ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। এ ঘটনায় মো. জুবায়ের (২৭) নামের এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে।
শুক্রবার রাতে আটক জুবায়েরের দেওয়া তথ্যের ভিত্তিতে একটি মাটির ভিটা খনন করে অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়।
৮ এপিবিএন সূত্রে জানা গেছে, এর আগে বৃহস্পতিবার পুলিশের একটি দল ক্যাম্পের বিভিন্ন ব্লকে বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় সন্দেহজনক গতিবিধির কারণে জুবায়েরকে গ্রেপ্তার করা হয়।
পরে জিজ্ঞাসাবাদে তার হেফাজতে অবৈধ অস্ত্র ও গুলি থাকার তথ্য পাওয়া যায়। তার দেওয়া তথ্য অনুযায়ী বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে একপর্যায়ে একটি মাটির ভিটা শনাক্ত করা হয়। জুবায়ের জানান, কয়েক মাস আগে ওই স্থানে গর্ত করে অস্ত্র ও গুলি মাটির নিচে পুঁতে রেখেছিলেন তিনি।
পরবর্তীতে স্থানীয় লোকজনের উপস্থিতিতে মাটি খনন করে পলিথিনে মোড়ানো অবস্থায় একটি ওয়ান শুটারগান ও দুই রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়। উদ্ধার করা অস্ত্র ও গুলি জব্দ করা হয়েছে।
৮ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অধিনায়ক রিয়াজ উদ্দিন আহমেদ বলেন, রোহিঙ্গা ক্যাম্পের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপরাধ দমনে ৮ এপিবিএনের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। অবৈধ অস্ত্র, গোলাবারুদ ও অপরাধে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে। ক্যাম্পে নিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান আরো জোরদার করা হবে।
এমই