দিল্লিতে অবস্থানরত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা আর বাংলাদেশের রাজনীতিতে ফিরতে পারবেন না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। তিনি বলেছেন, গণহত্যার সঙ্গে জড়িত ব্যক্তিরা অনুশোচনা প্রকাশ না করা পর্যন্ত বাংলাদেশের মানুষ তাদের রাজনীতিতে ফিরতে দেবে না।
শুক্রবার চট্টগ্রামের ফটিকছড়িতে বাবুনগরী মাদরাসায় এক মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, যারা গণহত্যাকারী, এখনো পর্যন্ত দুঃখ প্রকাশ করেনি, অনুশোচনা করেনি এবং গণ-অভ্যুত্থানের মুখে পালিয়ে গিয়ে নিজের আপন ঠিকানা দিল্লিতে বসে আছে, তারা কখনো এই দেশে এসে আর রাজনীতি করতে পারবে না।
তিনি বলেন, আওয়ামী লীগের শাসনামলে দীর্ঘ ১৬–১৭ বছর আলেম-ওলামাসহ দেশের মানুষ নির্যাতনের শিকার হয়েছেন। শাপলা চত্বরের ঘটনায় বহু মানুষ শহীদ হয়েছেন। তাদের সবার নাম ও কবরের ঠিকানাও এখনো জানা যায়নি।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, জুলাই-আগস্টের গণ-অভ্যুত্থানে জাতিসংঘের হিসাব অনুযায়ী ১ হাজার ৪০০ মানুষ শহীদ হয়েছেন। এর আগে ফ্যাসিবাদী শাসনামলে প্রায় ৩ হাজার মানুষ গুমের শিকার হয়েছেন। প্রায় ৭ হাজার মানুষ বিভিন্নভাবে হত্যাকাণ্ড ও নির্যাতনের শিকার হয়েছেন। লাখ লাখ মানুষ হামলা, মামলা ও নিপীড়নের শিকার হয়েছেন।
তিনি প্রশ্ন রাখেন, ‘আমরা কি আবার সেই ফ্যাসিবাদের পুনরাগমন চাই? যারা গার্মেন্টস খাতে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করছে, তাদের পেছনে সেই ফ্যাসিবাদী শক্তির হাত রয়েছে।
ইসলামের নাম ব্যবহার করে রাজনীতি করা একটি দলের সমালোচনা করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, তারা নিজেদের ইসলামী দল দাবি করলেও নির্বাচনি ইশতেহারে ইসলামী শাসনব্যবস্থা বা শরিয়াভিত্তিক আইন প্রতিষ্ঠার কথা বলেনি। মুখে এক কথা বললেও তাদের দলিল-প্রমাণ ভিন্ন কথা বলে। ধর্মের নাম ব্যবহার করে রাজনীতি করে তারা দেশে বিভক্তি সৃষ্টি করছে।
বিএনপির রাজনীতির প্রসঙ্গ তুলে তিনি বলেন, আমরা ইসলামী মূল্যবোধে বিশ্বাস করি। সংবিধানে বিসমিল্লাহ সংযোজন করেছেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। আমরা সেই দলের পক্ষে রাজনীতি করি, যারা জাতীয়তাবাদী ও ইসলামী মূল্যবোধের ভিত্তিতে সব জনগোষ্ঠীকে নিয়ে ঐক্যবদ্ধ বাংলাদেশ গড়তে চায়।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, জুলাই গণ-অভ্যুত্থানের প্রত্যাশা অনুযায়ী প্রণীত জুলাই সনদ বাস্তবায়ন করা হবে। পাশাপাশি সংবিধানে ইসলামী মূল্যবোধের প্রতিফলন ঘটানো হবে। শেখ হাসিনা রাষ্ট্র পরিচালনার মূলনীতি থেকে মহান আল্লাহর প্রতি আস্থা ও বিশ্বাসের বিষয়টি বাদ দিয়েছিলেন উল্লেখ করে তিনি বলেন, বিএনপি তা পুনঃস্থাপন করবে।
তিনি বলেন, সংবিধানের প্রস্তাবনায় এবং রাষ্ট্র পরিচালনার মূলনীতিতে মহান আল্লাহর ওপর দৃঢ় আস্থা ও বিশ্বাসের কথাটি আমরা পুনরায় ধারণ করব, ইনশা আল্লাহ।
আন্দোলনের নামে অস্থিরতা সৃষ্টিকারীদের উদ্দেশে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সমালোচনা ও গঠনমূলক আলোচনা করা যেতে পারে। সরকারকে অসহযোগিতা করা যেতে পারে, কিন্তু দেশের মানুষের বিরুদ্ধে অসহযোগিতা করা যাবে না।
তিনি আরও বলেন, দেশের অর্থনৈতিক উন্নয়ন, রপ্তানি বৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি ও বিদ্যুতায়নের মাধ্যমে সমৃদ্ধ বাংলাদেশ গড়তে হবে। একই সঙ্গে আলেম-ওলামা ও কওমি মাদরাসার শিক্ষার্থীদের জীবনমান উন্নয়নেও কাজ করতে হবে।